
উৎসবমুখর পরিবেশে আজ সন্ধ্যা ছয়টায় শেষ হয়েছে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও শেষ বিকেলে ভোট দেওয়ার সুযোগ ছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এক ঘণ্টা সময় বৃদ্ধি প্রসঙ্গে শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মমতাজুর রহমান আকবর জানান, ‘ভোট গ্রহণের সময় বিকেল পাঁচটা পর্যন্ত থাকলেও ভোটারদের সারিতে তখনো ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। তাই সবার সম্মতিতে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়।’
তিনি জানান, দিন শেষে ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের ভোটের মাধ্যমেই আগামী দুই বছরের জন্য দেশের চলচ্চিত্রাঙ্গনের শিল্পীদের সংগঠন বাংলাদেশ শিল্পী সমিতির নেতা নির্বাচিত হবেন।
জানা গেছে, সন্ধ্যা সাতটা থেকে ভোট গণনা শুরু হবে। আজ রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান।
উল্লেখ্য, দুই বছর মেয়াদি কমিটির এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদের বিপরীতে দুজন স্বতন্ত্রসহ তিন প্যানেল থেকে মোট প্রার্থী হয়েছেন ৫৭ জন।