
‘এখন নাটক বানানো হয় না, ফুটেজ তৈরি করা হয়। এর সঙ্গে আরেকটি সত্যি হলো, এখনো ভালো নাটক তৈরি হয়। কিন্তু ফুটেজের আড়ালে ভালো নাটক হারিয়ে যায়। একটি ভালো নাটক তৈরির জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা দেওয়া হয় না। কিন্তু নির্মাতাদের মেধা, জেদ, ঐকান্তিক চেষ্টায় ভালো নাটক তৈরি হচ্ছে।’ বলছিলেন অভিনয়শিল্পী ও নির্মাতা আবুল হায়াত। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের সামনে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’-এর উদ্বোধনীতে এমন মন্তব্য করেন তিনি।
‘এক ঘণ্টার কাহিনিচিত্র বেঁচে থাকুক যুগ যুগ ধরে’—এ স্লোগান নিয়ে শনিবার বিকেলে উৎসবের উদ্বোধনী পর্বে ১০ জন তরুণ নির্মাতাকে রঙিন উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আতাউর রহমান, অভিনেত্রী চিত্রলেখা গুহ, মঞ্চকর্মী মোহাম্মদ বারী প্রমুখ। স্বাগত বক্তব্যে সংগঠনটির কর্ণধার গাজী রাকায়েত বলেন, ‘আমাদের দেশের অধিকাংশ চ্যানেলে ২০০৮ সালে এক ঘণ্টার নাটক নিয়মিতভাবে প্রচার বন্ধ হয়ে যায়। এ নাটককে নিয়মিত প্রচারের দাবিতে “এক ঘণ্টার নাটক বাঁচাও” কর্মসূচি হাতে নেয় চারুনীড়ম এবং এক ঘণ্টার নাটক নিয়ে “চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব” ও পুরস্কার দেওয়া শুরু করে। তারই ধারাবাহিকতায় ২০১৪ সালে প্রচারিত নতুন ও পুরোনো নির্মাতাদের ২০টি এক ঘণ্টার নাটক নিয়ে সপ্তমবারের মতো আয়োজিত আমাদের এ উৎসবে প্রদর্শিত হচ্ছে।’
রোববার ছিল উৎসবের দ্বিতীয় দিন। গতকাল সন্ধ্যায় চারটি নাটক প্রদর্শনী ছাড়াও একই মঞ্চে প্রদর্শিত হয় গাজী রাকায়েত পরিচালিত মৃত্তিকা মায়া ছবিটি।