এক ঘণ্টার নাটক নিয়ে উৎসব
‘অতিরিক্ত বিজ্ঞাপন ও অনিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার কারণে এক ঘণ্টার নাটক বা কাহিনিচিত্র বিভিন্ন চ্যানেলে প্রচার প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। কিছু বিশেষ দিন ছাড়া এক ঘণ্টার নাটক বা কাহিনিচিত্র সচরাচর দেখা যায় না। অথচ স্বাধীনতার পর থেকে টেলিভিশনে এক ঘণ্টার নাটক বা কাহিনিচিত্রের এক উজ্জ্বল ঐতিহ্য গড়ে উঠেছিল। সে ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এ উদ্যোগ।’ বললেন গাজী রাকায়েত। তাঁর উদ্যোগে চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজন করেছে ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ শিরোনামে উৎসব। বিটিভিসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত ‘এক ঘণ্টার নাটক’ থেকে বাছাই করা ২১টি নাটক নিয়ে সপ্তাহব্যাপী এই উৎসব শুরু হচ্ছে আজ। বিকেল সাড়ে চারটায় উৎসব উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক।চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠানের পরিচালক গাজী রাকায়েত জানান, এ উদ্যোগের ধারাবাহিকতায় এপ্রিল মাসের শেষে বিভিন্ন শিল্পী ও কলাকুশলীকে উৎসাহিত করার জন্য ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’ দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘বিভিন্ন জরিপে দেখা গেছে, দর্শকদের মধ্যে এক ঘণ্টার নাটক বা কাহিনিচিত্র দারুণ জনপ্রিয়। তাই আমরা স্যাটেলাইট চ্যানেলে সপ্তাহে অন্তত একটা এক ঘণ্টার নতুন নাটক বা কাহিনিচিত্র দেখতে চাই।’