চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কেবা আপন কেবা পর’। লিখেছেন শিল্পী সরকার, পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়া। নাটকে অভিনয় করছেন গাজী রাকায়েত। কথা হলো তাঁর সঙ্গে। আজ তো আপনার অভিনীত ‘কেবা আপন কেবা পর’ নাটকটি প্রচারিত হবে।নাটকের গল্পে আমাদের বিয়ে হয়েছে অনেক বছর। কিন্তু কোনো সন্তান নেই। টেস্টটিউব বেবি নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হতে হয়। এদিকে মা আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। শেষ পর্যন্ত স্ত্রীর অনুরোধে আবার বিয়ে করতে বাধ্য হই। নতুন স্ত্রীর সংসারে সন্তান জন্ম হয়। এই দৃশ্যের শুটিং যখন করছিলাম, তার কিছুদিনের মধ্যেই আমি বাস্তবে বাবা হয়েছি। শুটিংয়ের সময় নবজাতককে কোলে নিয়ে আমার নিজের সন্তানের কথা তখন বেশি মনে পড়ছিল। এই নাটকের কাজ করেছিলেন কবে?মাস কয়েক আগে। তখন ছিল কনকনে শীত। সেই ঠান্ডার মধ্যে ১৮টি দৃশ্যের কাজ করেছিলাম। এখন আর কী করছেন?আমরা গত বছর থেকে ‘এক ঘণ্টার নাটক বাঁচাও আন্দোলন’ শুরু করেছি। এবার একটু বড় আকারে এই আয়োজন হবে। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সপ্তাহব্যাপী এই উৎসব শুরু হবে ৩ এপ্রিল। এখানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ২১টি খুব ভালো নাটক আমরা দর্শকদের দেখাব। এখন টিভি চ্যানেলগুলো ধারাবাহিক নাটকের দিকে বেশি ঝুঁকে পড়েছে। বিশেষ দিন কিংবা ঈদ ছাড়া এক ঘণ্টার নাটক দেখাই যায় না। আমরা চাই, চ্যানেলগুলো প্রতি সপ্তাহেই এক ঘণ্টার নাটক দেখানো অব্যাহত রাখুক। তা না হলে আমাদের টিভি নাটকের এত বছরের ঐতিহ্য হারিয়ে যাবে। এ ব্যাপারে টিভি চ্যানেলগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন?সম্প্রতি আমরা ডিরেক্টরস গিল্ড সংগঠন থেকে একটি জরিপ করেছি। বিভিন্ন প্রশ্ন নিয়ে এক হাজার দর্শকের ওপর এই জরিপ হয়েছে। উৎসব উপলক্ষে আমরা একটি স্মরণিকা প্রকাশ করব। তাতে জরিপের পুরো ফলাফল দেওয়া হবে। এই জরিপে প্রায় ৬০ শতাংশ দর্শক এক ঘণ্টার নাটক দেখার পক্ষে মত দিয়েছে। উৎসবে কোনো পুরস্কার দেওয়া হবে?হ্যাঁ, উৎসবে দেখানো একটি নাটককে সেরা হিসেবে পুরস্কার দেওয়া হবে। বিনোদন প্রতিবেদক