এক চলচ্চিত্রে বহুরূপে দীপান্বিতা
এক চলচ্চিত্রে বহুরূপে অভিনয় করলেন দীপান্বিতা হালদার। চলচ্চিত্রটির নাম ‘সিবালোভা কেমাতো’। গোলাম রাব্বানীর রচনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী।‘সিবালোভা কেমাতো’ চলচ্চিত্রে প্রথমবারের মতো এক সঙ্গে কাজ করলেন অভিনেত্রী দীপান্বিতা হালদার ও শ্যামল মওলা। সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর জমিদারবাড়িসহ বিভিন্ন জায়গায় এ চলচ্চিত্রের শুটিং হয়েছে। জানা গেছে, ‘সিবালোভা কেমাতো’ চলচ্চিত্রটিতে দীপান্বিতাকে কখনো তিনি পার্বতী, কখনো লাইলী, কখনো শিরি সহ কালজয়ী সব কিংবদন্তীর প্রেমিকা চরিত্রে তাঁকে দেখা যাবে। ছবিটি সম্পর্কে পরিচালক প্রশান্ত অধিকারী জানিয়েছেন, ‘সিভালোভা কেমাতো ছবিতে প্রেমের গল্প দেখাতে চেয়েছি। আবার প্রতিটি দৃশ্যেই আমরা একটি করে গল্প বলার চেষ্টা করেছি। ভালোবাসা সকলের মাঝে সব সময়ই থাকে তাই খুঁজে নেওয়ার চেষ্টা করা হয়েছে সিভালোভা কেমাতো ছবিটিতে।’ ‘সিবালোভা কেমাতো’ চলচ্চিত্রে গান থাকছে চারটি। গানের কথা লিখেছেন গোলাম রাব্বানী ও জুলহাস। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রাসেল আজম, জুলহাস ও মৌসুমী। দীপান্বিতা হালদার ও শ্যামল মওলা ছাড়াও ‘সিবালোভা কেমাতো’ চলচ্চিত্রটির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন কাজী উজ্জ্বল, নিকুল, আফজাল, জুলহাস, ফারুক, রাসেল আজম, সোমা, লাবণ্য প্রমূখ।