এক ছবিতে অমিতাভ-নাসিরুদ্দিন শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার বিষয় ছিল এক ছবিতে বলিউডের দুই মহারথী অমিতাভ বচ্চন আর নাসিরুদ্দিন শাহের অভিনয় দেখার। অবশেষে তাঁদের সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত এই দুই অভিনেতা। ‘টুয়েলভ’ নামের ছবিটিতে আরও অভিনয় করবেন ‘লগান’খ্যাত বলিউডের চিত্রপরিচালক আশুতোষ গোয়ারিকর।হলিউডের ছবি ‘টুয়েলভ অ্যাংরি মেন’ অবলম্বনে নির্মিতব্য ‘টুয়েলভ’ ছবির মাধ্যমে অমিতাভ এবং নাসিরুদ্দিন শাহকে রূপালি পর্দায় হাজির করার এক পরিকল্পনা হাতে নিয়েছেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী।‘টুয়েলভ অ্যাংরি মেন’ টিভি নাটক অবলম্বনে ১৯৫৭ সালে একই শিরোনামে একটি ছবি তৈরি করেছিলেন সিডনি লুমেট। পরবর্তী সময়ে ১৯৮৬ সালে ‘টুয়েলভ অ্যাংরি মেন’ ছবি অবলম্বনে ‘এক রুখা হুয়া ফয়সালা’ নামে একটি ছবি নির্মাণ করেন ভারতীয় চিত্রনির্মাতা বাসু চ্যাটার্জি।‘এক রুখা হুয়া ফয়সালা’তে অভিনয় করেছিলেন পঙ্কজ কাপুর ও আন্নু কাপুর। ‘টুয়েলভ’ ছবিতেও এই দুই তারকাকে নিতে চান বিবেক। ছবির অন্যান্য চরিত্রের জন্য তাঁর পছন্দের তালিকায় রয়েছেন ওম পুরি, পরেশ রাওয়াল, বোমান ইরানি প্রমুখ।ছবিটির বিশেষ চমক হলো এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন আশুতোষ গোয়ারিকর। এর আগে ১৯৯৩ সালে তিনি ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে অভিনয় করেন। সর্বশেষ ১৯৯৯ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘সি.আই.ডি’তে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।এ প্রসঙ্গে বিবেক অগ্নিহোত্রীর উদ্ধৃতি দিয়ে মিডডে জানিয়েছে, ‘অমিতাভ, নাসিরুদ্দিন, পরেশ, বোমান থেকে শুরু করে প্রায় সবার সঙ্গেই আমার আলোচনা হয়েছে। ছবির গল্পটি চমত্কার। এ বছরের শেষ নাগাদ এর শুটিং শুরু করার ইচ্ছে আছে।’