এক ছবিতে কারিনার চার আইটেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দাবাং ২’ ও ‘হিরোইন’ ছবির ‘ফেভিকল সে’ ও ‘হালকাত জাওয়ানি’ আইটেম গানে কারিনা কাপুর খানের নাচ দেখে রোমাঞ্চিত হয়েছে চলচ্চিত্রপ্রেমী অসংখ্য দর্শক। দুটি গানই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। কারিনা তাঁর পরবর্তী ছবিতেও আইটেম গান নিয়ে হাজির হচ্ছেন। তা-ও আবার একটি কিংবা দুটি নয়, ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির চার-চারটি আইটেম গানে অংশ নেবেন তিনি। গত বছর মুক্তি পাওয়া করণ জোহর প্রযোজিত ‘এক ম্যায় আউর এক তু’ ছবির সাফল্যের পর ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে ইমরান খানের সঙ্গে জুটি বেঁধেছেন কারিনা। এই ছবিটিও প্রযোজনা করছেন করণ জোহর। এক খবরে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ছবিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ‘আই হেট লাভ স্টোরিজ’খ্যাত তরুণ নির্মাতা পুনিত মালহোত্রা। সংগীত পরিচালনা করছেন বিশাল-শেখর। ত্রিভুজ প্রেমের এই ছবিতে কারিনা ও ইমরানের সঙ্গে দেখা যাবে শক্তি কাপুরের মেয়ে ও বলিউডি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। এর আগে ‘তিন পাত্তি’ (২০১০) ও ‘লাভ কা দি এন্ড’ (২০১১) ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা। পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর সাহসী দৃশ্যে আর অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন কারিনা। এ ছাড়া, দিল্লির গণধর্ষণ ঘটনার পর থেকে আইটেম গান নিয়ে নানা সমালোচনা চলছে পুরো ভারতে। ছোটপর্দায় আইটেম গান প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে ভারত সরকার। তার পরও আইটেম গানের সঙ্গে কারিনার এত বেশি সম্পৃক্ততার সিদ্ধান্ত খুব বেশি যৌক্তিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।