এক ছবিতে রানীর ৩ আইটেম
বলিউডের ছবিতে আইটেম গানের গুরুত্ব দিনকে দিনে বেড়েই চলেছে। তাই বলে এক ছবিতে তিন আইটেম গান! কিন্তু খবর সত্যি। এবার বলিউডের অভিনেত্রী রানী মুখার্জিকে ‘আইয়া’ ছবিতে তিনটি আইটেম গানে নাচতে দেখা যাবে।এ প্রসঙ্গে ‘আইয়া’ ছবির পরিচালক শচীন কুণ্ডলকরের উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, ‘এই ছবিতে বাস্তবতা এবং স্বপ্ন—দুটি বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে। এর তিনটি আইটেম গানে অংশ নিচ্ছেন রানী। স্বপ্নদৃশ্যের অংশ হিসেবে গানগুলোতে দেখা যাবে তাঁকে। ছবির জন্য মোট ছয়টি গান তৈরি করেছেন অমিত ত্রিবেদী। এর মধ্যে তিনটিই আইটেম গান।’‘আইয়া’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অনুরাগ কাশ্যপ। এতে রানীর বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বি রাজ। ছবিতে মারাঠি নারীর ভূমিকায় দেখা যাবে বাঙালি বংশোদ্ভূত এ অভিনেত্রীকে।নিজের চরিত্রটিকে বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতে মারাঠি ভাষা শিখেছেন রানী। এ প্রসঙ্গে ছবির পরিচালকের ভাষ্য, ‘রানী খুবই পরিশ্রমী। ছবিটিতে কাজ শুরুর আগে মারাঠি ভাষায় প্রশিক্ষণ নিয়েছেন। ভাষাটি ভালোভাবে রপ্ত হওয়ার পরই কেবল কাজ শুরু করেছেন। আর ছবির সেটে তিনি তো পুরোপুরি মারাঠি নারীই বনে গেছেন।’