এক ছবিতে শাকিব খান ও চঞ্চল চৌধুরী
শাকিব খান—বাংলাদেশি চলচ্চিত্রের শীর্ষ নায়ক। চলচ্চিত্রের পাশাপাশি সম্প্রতি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। আর চঞ্চল চৌধুরী—ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম। অভিনয় করেছেন বড় পর্দায়ও। ছবিতে অভিনয় করে চঞ্চল চৌধুরী ঝুলিতে ভরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার বড় পর্দা ও ছোট পর্দার অন্যতম জনপ্রিয় এ দুই অভিনেতা এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটির নাম ‘কানামাছি’। পরিচালক সূত্রে জানা গেছে, আপাতত কলকাতা থেকে নায়িকা নির্বাচনের প্রক্রিয়া চলছে।পরিচালক জানান, এরই মধ্যে ছবিতে অভিনয়ের ব্যাপারে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন নায়িকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।জানা গেছে, ‘কানামাছি’ ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। শুরুতে শুটিং হবে এফডিসিতে। এরপর সিলেট, বান্দরবান ও কক্সবাজারে টানা শুটিং চলবে। ছবির গল্প প্রসঙ্গে রাজ জানান, ‘কানামাছি’ ছবির গল্পটি রোমান্টিক-অ্যাকশন ধাঁচের। পুরো গল্পটি রহস্যে পরিপূর্ণ। ছবিতে শাকিব খান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে ভালোবাসে একটি মেয়েকে। কিন্তু মেয়েটির বাগদান হয় একজন পুলিশ অফিসারের (চঞ্চল) সঙ্গে। এরপর শুরু হয় পুলিশ-দুর্ধর্ষ ক্যাডারের লড়াই।‘কানামাছি’ ছবিতে মোট গান থাকছে সাতটি। সব গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী। আর গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন ও আরফিন রুমী নিজে।‘কানামাছি’ ছবি প্রসঙ্গে রাজ আরও বলেন, ‘এটা আমার তৃতীয় চলচ্চিত্র। এবার অ্যাকশন-রোমান্টিক গল্প বেছে নিয়েছি। বর্তমানে প্রস্তুতি নিচ্ছি। ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক।’‘কানামাছি’ চঞ্চল চৌধুরী অভিনীত পঞ্চম চলচ্চিত্র। এর আগে তিনি তৌকীর আহমেদের ‘রূপকথার গল্প’, গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ আর মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘কানামাছি’ ছবিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল জানান, ‘গল্পটি খুবই ভালো লেগেছে। আগের চারটি চলচ্চিত্রে যে ধরনের চরিত্রগুলোতে অভিনয় করেছি, সেগুলো থেকে “কানামাছি” ছবির চরিত্র একেবারেই আলাদা।’