এক ছবিতে শ্রীদেবী-মেরিল স্ট্রিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীদেবী ও মেরিল স্ট্রিপ
শ্রীদেবী ও মেরিল স্ট্রিপ

‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে গত বছর চলচ্চিত্রে সফল প্রত্যাবর্তন ঘটেছে একসময়ের পর্দাকাঁপানো বলিউডের অভিনেত্রী শ্রীদেবীর। এবার তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি পালক। সম্প্রতি অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে ‘কাউবয়েজ অ্যান্ড ইন্ডিয়ানস’ ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন পদ্মশ্রী খেতাব পাওয়া তারকা অভিনেত্রী শ্রীদেবী।

বিশ্বের দুই প্রান্তের অন্যতম মেধাবী ও আকর্ষণীয় দুই অভিনেত্রী শ্রীদেবী ও মেরিল স্ট্রিপ। তাঁদের সাফল্যের পাল্লাটাও বেশ ভারী। আটটি গোল্ডেন গ্লোব পুরস্কারের পাশাপাশি ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য আয়রন লেডি’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে অস্কার পুরস্কার ঘরে তুলেছেন মেরিল। এর আগে তিনি সেরা অভিনেত্রী ও পার্শ্ব অভিনেত্রী বিভাগে আরও দুটি অস্কার পেয়েছিলেন। তিনটি অস্কার পুরস্কার ঝুলিতে ভরার পাশাপাশি ১৭ বার অস্কার মনোনয়নও পেয়েছেন ৬৪ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। অন্যদিকে পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কারের পাশাপাশি পদ্মশ্রী খেতাব পেয়েছেন শ্রীদেবী।

সফল এ দুই অভিনেত্রীকে ‘কাউবয়েজ অ্যান্ড ইন্ডিয়ানস’ ছবির মাধ্যমে এক ফ্রেমে বন্দী করার উদ্যোগ নিয়েছেন হলিউডের সফল দুই প্রযোজক জেরেমি ওয়াল ও জেরি লেইডার। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেতা রবার্ট রেডফোর্টের মেয়ে অ্যামি রেডফোর্ড। এরই মধ্যে ছবিটিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন মেরিল স্ট্রিপ ও শ্রীদেবী। এ মুহূর্তে ছবিটির চিত্রনাট্য পড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রীদেবী। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। 

এ প্রসঙ্গে শ্রীদেবীর ব্যবস্থাপক বলেন, ‘মেরিল স্ট্রিপের সঙ্গে এক ছবিতে কাজ করার জন্য শ্রীদেবীর সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। এ জন্য আমরা সবাই অনেক খুশি।’