এক ছবিতে ৫০ ধরনের নাচ!
বলিউডের ছবি মানেই নাচে-গানে ভরপুর। তবে এক ছবিতে ৫০ ধরনের নাচ থাকার বিষয়টি অবাক করার মতোই ঘটনা। আর এই ঘটনাটি ঘটতে যাচ্ছে রেমো ডি সুজা পরিচালিত ‘এবিসিডি—অ্যানি বডি ক্যান ড্যান্স’ শিরোনামের ছবিতে। আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাওয়া এ ছবিতে ৫০ ধরনের নাচ দর্শকেরা দেখতে পাবেন। টাইমস অব ইন্ডিয়া এক খবরে এ কথা জানিয়েছে।ছবিটির পরিচালক রেমো জানিয়েছেন, ‘আমরা জাতি হিসেবে নাচকে অনেক ভালোবাসি। বিভিন্ন ক্লাব, উত্সব এমনকি ভারতীয় ক্রিকেট দল যখন খেলায় জয়লাভ করে, তখনো রাস্তাঘাটে নেচে উল্লাস প্রকাশ করি। আর এই নাচের মধ্যে আমরা একে অপরের সঙ্গে আরও ভালোভাবে সম্পৃক্ত হই। নাচে আমাদের নিজস্ব একটা স্বাতন্ত্র্যও তৈরি হয়েছে।’রোমো আরও জানান, সত্যিকারের নৃত্যপ্রেমী মানুষদের ছবিটি বেশ ভালো লাগবে। কারণ তাঁরা এক ছবিতেই ৫০ ধরনের নাচ উপভোগ করতে পারবেন। জানা গেছে, এসব নাচের বেশির ভাগই পশ্চিমা সমসাময়িক ধাঁচের। তবে প্রাধান্য পেয়েছে ভারতের শাস্ত্রীয় নৃত্য।ছবিটিতে নাচের কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্য পরিচালক গণেশ আচার্য্য ও প্রভু দেবা।