এক ঝলকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শাহরুখ খান-সাইফ আলী খান জুটি চতুর্থবারের মতো উপস্থাপকের আসনে হাজির হন। তাঁদের কৌতুকময় উপস্থাপনা অতীতের সাফল্যের রেকর্ডও ছাড়িয়ে যায়। থ্রি ইডিয়টস-এর কমোড, ব্লু ছবির হাঙর মঞ্চে নিয়ে আসেন আগের মতোই। সহ-উপস্থাপকের জন্য পূর্বনির্ধারিত একজন শেষ মুহূর্তে কেটে পড়ায় পরিচালক করণ জোহর নিজ আগ্রহে উপস্থাপকের কাজ করতে রাজি হন। অনুষ্ঠানের আরও দুই চমক ছিল রং দে বাসন্তির সিদ্ধার্থ ও কমল হাসানের কন্যা শ্রুতি হাসানকে সহ-সঞ্চালক হিসেবে পাওয়া।  যশরাজ স্টুডিওতে এবারও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগের দিন তারকাদের পরিবেশনা রেকর্ড করা হয়। সালমান খান, ক্যাটরিনা কাইফ, শহীদ কাপুর, কারিনা কাপুর, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ, দীপিকা পাড়ুকোনের পারফরমেন্স জায়েন্ট প্রজেক্টরে প্রদর্শন করা হয়।  মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানাতে শহীদ কাপুর জ্যাকসনের গানের সঙ্গে নাচেন। অনুষ্ঠানের সবচেয়ে ‘হিট’ পরিবেশনা ছিল এটি।  বচ্চন পরিবার এবারের ফিল্মফেয়ার পুরস্কার বর্জন করে। বচ্চনদের সম্মান জানাতে পা পরিচালক বালকি, এমনকি অভিনেত্রী প্রীতি জিনতাও ফিল্মফেয়ার অনুষ্ঠান বর্জন করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জি, সোনম কাপুরও অনুষ্ঠানে আসেননি। অবশ্য জনপ্রিয় শাখায় সেরা অভিনেতার পুরস্কার অমিতাভ বচ্চনের (পা) ঝুলিতেই যায়। এবারই প্রথম কোনো অভিনেতা তিন ছবির জন্য পুরস্কার পেলেন। আজব প্রেম কি গজব কাহানি, ওয়েক আপ সিড, রকেট সিং সেলসম্যান অব দ্য ইয়ার—এ তিন ছবির জন্যই রণবীর কাপুরকে সমালোচকেরা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনীত করেন। যদিও রণবীর শুটিংয়ের কাজে ফেঁসে যাওয়ায় শ্রেষ্ঠ অভিনেতার প্রথম পুরস্কারটি নিজের হাতে নিতে পারেননি।  পরপর চারবার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েন এ আর রহমান। রং দে বাসন্তি (২০০৬), গুরু (২০০৭), জানে তু ইয়া জানে না ও যোধা-আকবর (২০০৮)-এর পর এবার দিল্লি সিক্স (২০০৯)-এর জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার যায় রহমানের ঝুলিতে। ১৬ বছরের ক্যারিয়ারে সর্বাধিক ২৫টি ফিল্মফেয়ার পুরস্কার বগলদাবা করে নতুন রেকর্ডও রচনা করেন রহমান।  রেকর্ডের ঝুলিতে রাজকুমার হিরানির নামটিও চলে এসেছে এবার। থ্রি ইডিয়টস শুধু সেরা ছবিই হয়নি, সেরা পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতার পুরস্কারও গেছে হিরানির ঝুলিতে।  প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার ঘরে তোলেন বিদ্যা বালান (পা)।  এবারই প্রথম ফিল্মফেয়ার অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। শশী কাপুর তাঁর আজীবন সম্মাননা পুরস্কার নেওয়ার সময় অন্যদের মতো সময় নেননি। শুধু ধন্যবাদ বলেই মঞ্চ ছাড়েন শশী। সংগীতের জন্য আজীবন সম্মাননা পান খৈয়াম।