এক টুকরো
রুহি সিং

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ভালোবাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর! ২০ বছর বয়সী মডেল রুহি সিংয়ের কথা শুনে তেমনটাই মনে হচ্ছে। শিগগিরই বলিউড অভিষেক হতে যাচ্ছে তাঁর মধুর ভান্ডারকরের ক্যালেন্ডার গার্ল দিয়ে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রুহি বলেছেন, ‘ভালোবাসাবাসির দৃশ্যগুলোতে অভিনয় করতে গিয়ে আমার শরীরের ওপর অনেক ধকল গেছে। একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম।’
দীপিকা পাড়ুকোন

নামের শেষে পিকা আছে। পিকু ছবিতে সেই দীপিকা পাড়ুকোন করেছেন পিকু চরিত্রে দুর্দান্ত অভিনয়। পিকু স্বাধীনচেতা, বিয়েথা করে ঘরকন্নার ইচ্ছা তাঁর নেই। পিকুর সঙ্গে দীপিকার অনেক মিল পাওয়া যাচ্ছে। সংসারের ব্যাপারে দীপিকার মন্তব্য, ‘ক্যারিয়ার একটা জিনিস আর একজন মানুষের সঙ্গে জীবনের বাকিটা কাটিয়ে দেওয়া আরেকটা। আমার মনে হয় না আমি এর জন্য প্রস্তুত।’
জ্যাকি চ্যান

‘আপনি বেঁচে আছেন তো?’ ফোনের ওপাশ থেকে কেউ যদি আপনাকে এমন প্রশ্ন করে, ভিরমি তো খাবেনই। এমন প্রশ্ন আর রাশি রাশি খুদেবার্তায় হাবুডুবু খেতে বসেছিলেন জ্যাকি চ্যান। সম্প্রতি গুজব রটে যায় জ্যাকি মারা গেছেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দ্রুত ছড়িয়ে পড়ে গুজব। পড়ে জ্যাকি বিবৃতি দেন, ‘সবাইকে নিশ্চিন্ত হতে বলছি, আমি এখনো বেঁচে আছি!’
স্যান্ড্রা বুলক

এবার মা দিবসে হু হু কান্নায় ভেঙে পড়েছিলেন স্যান্ড্রা বুলক। এলেন ডিজেনেরাসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেছেন ৫০ বছর বয়সী এই অভিনেত্রী। সংসার জীবনে কখনো সুখী হতে পারেননি। মাতৃত্বের স্বাদ পেয়েছেন একটা ছেলে দত্তক নেওয়ার পর। তাই অতৃপ্তি তো থেকেই গেছে। তবে ছেলেকে নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসেন। তবু প্রতিবছর মা দিবস কী যেন একটা হাহাকার নিয়ে হাজির হয় তাঁর দুয়ারে।