
ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এরই মধ্যে ‘হিট’ তকমাটিও লেগে গেছে। বক্স অফিস থেকে একটু একটু করে দিল ধাড়াকনে দো তুলে নিচ্ছে লগ্নি করা অর্থ। বলিউডগুরুদের ধারণা, দিন কয়েকের মধ্যেই মুনাফার মুখ দেখতে শুরু করবে ছবিটি। সবকিছু একেবারে ঠিকমতোই এগোচ্ছে। তবে বিতর্ক শুধু একটি বিষয় নিয়েই। আর তা হলো পরিচালক জয়া আখতারের গল্প বাছাই আর তা দেখানোর ধরন। এরই মধ্যে এই জয়াকে ‘এলিট’দের পরিচালক বলে সম্বোধন করা শুরু হয়ে গেছে। কারণ, তাঁর পরিচালিত তিনটি ছবিই দেখিয়েছে বিলাসী তারকা কিংবা ধনকুবেরদের জীবনকে। তাই এখন জয়া আখতারের ছবির মানেই হয়ে দাঁড়িয়েছে কোটিপতিদের জীবনের চালচিত্র নিয়ে তৈরি চলচ্চিত্র! দিল ধাড়াকনে দো-এর ব্যতিক্রম নয়। কী আছে এই ছবিতে? আসুন জেনে নেওয়া যাক।
ছবিতে দেখানো হয়েছে ধনাঢ্য ব্যবসায়ী কামাল মেহরার পরিবার। কামাল মেহরা চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। ছবিতে প্রথমবারের মতো দেখা গেছে বুড়িয়ে যাওয়া অনিলকে। প্রথমে নাকি ছবির জন্য নিজের চুল পাকাতে কিছুতেই রাজি হচ্ছিলেন না অনিল। কিন্তু জয়া আখতারের কাছে এমন ‘দামি’ ছবির গল্প শুনে আর লোভ সামলাতে পারেননি। বয়সের মুখে চুনকালি মেখে তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিজের মেয়ে আর রণবীর সিংকে ছেলে হিসেবে মেনে নিতেও দ্বিধা করেননি। এমনকি ছবির শেষে গিয়ে আনুশকাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিতে দেখা যায়!
শোনা গিয়েছিল, ছবিতে অনিল কাপুরের বিপরীতে প্রিয়াঙ্কা আর রণবীরের মা হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয় টাবুর কাছে। কিন্তু টাবুর মন গলাতে পারেননি জয়া। তাই শেষমেশ শেফালী ঘোষের সঙ্গেই রোমান্স করতে হয়েছে অনিলকে। এমনকি এখন ছবিতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের মধ্যে অনেককেই পরিচালক জয়া আখতার বাছাই করেন শেষ মুহূর্তে। যেমন রণবীর সিংয়ের বদলে পরিচালক চেয়েছিলেন রণবীর কাপুরকে। আর প্রিয়াঙ্কার বদলে জয়ার প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর।
৮৫ কোটি রুপি খরচ করে তৈরি হয়েছে দিল ধাড়াকনে দো। ‘ক্রজ লাইনার ডেক সেভেন’ নামে একটি আস্ত বিলাসবহুল প্রমোদতরি ভাড়া করা হয় ছবির শুটিংয়ের জন্য। ফ্রান্স, স্পেন, তিউনিশিয়া ও ইতালির জলপথে প্রায় এক মাস ধরে সমুদ্রে ভেসে ভেসে চলে ছবির শুটিং। প্রায় শ দেড়েক শিল্পী ও কলাকুশলী নিয়ে এ ছবির শুটিং নাকি ছিল দারুণ রোমাঞ্চে ভরা।
এর আগে জয়া পরিচালনা করেন লাক বাই চান্স ও জিন্দেগি না মিলেগি দোবারা। ওই ছবিগুলোতেও ঘটেছিল এমনটা। লাক বাই চান্স ছিল তারায়-ভরা একটি ছবি। আর বড় বাজেটের জিন্দেগি না মিলেগি দোবারা ‘বিলাসী’দের ছবি হিসেবে বেশ সুনাম কুড়ায়। কিন্তু তৃতীয় ছবিতে গিয়ে এখন নাক উঁচু হয়ে গেছে বলিউডবোদ্ধাদের। তাঁরা বলছেন, সিংহভাগ ভারতীয় যে জীবন স্বপ্নে দেখে, সেই জীবন নিয়ে ছবি বানান জয়া। তাই তাঁকে মাঝেমধ্যে ধূলিতে লুটোপুটি খাওয়া মানুষদের নিয়েও ছবি বানানোর পরামর্শ দিচ্ছেন এখন অনেকে। তবে সমালোচকদের আরেকটা দল বলছে ভিন্ন কথা। তাদের ভাষায়, ‘মন্দ কী? যে জীবন অধরা, তা না হয় পর্দাতেই একনজর দেখে নেওয়া যাক।’
হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে