এক টেলিছবিতে তপন-শম্পা-ডলি
তপন চৌধুরী, শম্পা রেজা ও ডলি সায়ন্তিনী—এই তিন শিল্পীকে একসঙ্গে পাওয়া যাবে ঈদের একটি টেলিছবিতে। এতে শম্পা রেজা অভিনয়ের পাশাপাশি গান করলেও তপন চৌধুরী ও ডলি সায়ন্তিনী শুধু গানই করবেন। টেলিছবির নাম ‘আকাশ জোড়া মেঘ’। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। টেলিছবিটিতে তপন চৌধুরী দুটি, শম্পা রেজা ও ডলি সায়ন্তিনী একটি করে গান গাইবেন। গানগুলোতে ঠোঁট মেলাবেন সুবর্ণা মুস্তাফা, মাহফুজ আহমেদ ও শম্পা রেজা। গানের রেকর্ডিং এরই মধ্যে শেষ হয়ে গেছে।শম্পা রেজা বলেন, ‘আমি এমনিতেই নাটক কিংবা টেলিছবিতে খুব একটা গান করি না। সর্বশেষ কবে করেছিলাম, তাও অবশ্য খুব একটা মনে পড়ছে না। টেলিছবিটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের “দিবস রজনী আমি যেন তাঁর আশায় আশায় থাকি” গানটি করেছি। ফুয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে গানটি করে বেশ ভালোই লেগেছে।’‘আকাশ জোড়া মেঘ’ টেলিছবির গল্পটি একজন স্কুলশিক্ষক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ছাত্রদের নিয়ে সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে।৯০ মিনিটের এই টেলিছবিতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় ১০ জন তারকা। তাঁরা হলেন আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, আলমগীর, সুবর্ণা মুস্তাফা, আল মনসুর, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, মাহফুজ আহমেদ ও সারিকা।১৬ জুলাই থেকে টেলিছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।