এক ডজন ব্যান্ডের গান
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তৈরি হচ্ছে রক গানের অ্যালবাম গর্জে ওঠো বাংলাদেশ। এই অ্যালবামে থাকছে এলআরবির জনপ্রিয় গান ‘বাংলাদেশ’। নিজেদের তবু অ্যালবামের এই গানটি এবার নতুন করে গেয়েছে এলআরবি। ব্যান্ডটির প্রধান আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! সব কনসার্টেই আমরা বাংলাদেশ গানটি করি। এবার এই গানটি গর্জে ওঠো বাংলাদেশ অ্যালবামের জন্য নির্বাচন করা হলো। এরই মধ্যে আমরা গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছি।’রেডিও টুডের তত্ত্বাবধানে তৈরি অ্যালবামটি প্রযোজনা করেছেন এই প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান সাইফি। এর পৃষ্ঠপোষক গ্রামীণফোন। এই অ্যালবামে আরও থাকছে শিরোনামহীম, আর্টসেল, ক্রিপটিক ফেইট, ডি ও টি, শূন্য, রেডিও অ্যাক্টিভ, বোহেমিয়ান, ক্রিমেটিক এক্স এবং আর্বো ভাইরাসের গান। এখানে ক্রিপটিক ফেইটের ‘চলো বাংলাদেশ’ গানটি আবার নতুন করে গাওয়া হয়েছে। এ ছাড়া অন্য সব কটি ব্যান্ডের গানই নতুন। রেডিও টুডের একটি প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া একেবারে নতুন দুটি ব্যান্ডের গানও থাকছে এখানে। সাইফি বললেন, ‘এই অ্যালবামের সব কটি গানেই রয়েছে দেশপ্রেমের কথা। তবে তা রক ধাঁচে উপস্থাপন করা হচ্ছে। এরই মধ্যে অ্যালবামের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এটি বাজারে আনা হবে।’গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন চ্যানেল আমান আশরাফ ফয়েজ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে গ্রামীণফোন সব সময় ছিল, আছে এবং থাকবে। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট দলকে অনুপ্রেরণা জোগাতে আমরা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি।’