এক ডজন শিল্পী নিয়ে ‘দুই পৃথিবী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের কেউ ইতালিতে ব্যবসা করেন, আবার কেউ এলাকার উন্নয়নকর্মী। কেউ বা উপজেলা চেয়ারম্যান, কেউ সাংসদ। স্বার্থে আঘাত আসে বলে এলাকার উন্নয়নকর্মীকে হত্যা করা হয়। শুরু হয় অন্য এক গল্প। এমনই গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র দুই পৃথিবী। এটি নির্মাণ করছেন এফ আই মানিক। আগামী ১৮ জানুয়ারি থেকে ছবিটির কাজ শুরু হবে। ছবিতে অভিনয় করবেন ১২ জন শিল্পী। ব্যয়বহুল এই ছবিতে দেখা যাবে আলমগীর, শাকিব খান, অপু বিশ্বাস, আবুল হায়াত, ডলি জহুর, সাহারা, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, আলী রাজ, মিশা সওদাগর, আফজাল শরিফসহ অনেককে। পরিচালক জানান, এই শিল্পীদের সঙ্গে আরও থাকবেন মামুনুর রশীদ। তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।ছবিতে এত শিল্পীর সমাবেশ, চরিত্রের বিন্যাস হবে কীভাবে? এফ আই মানিক বললেন, ‘আমার ছবির গল্পটিই তৈরি হয়েছে অনেকগুলো চরিত্র নিয়ে। ছবির কাহিনি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। আমরা একটি গ্রাম দিয়ে ছবি শুরু করব। গ্রামের সমস্যা শেষ পর্যন্ত নগরের কোথায় এসে কীভাবে আরও জটিল হয়ে যায়, এর সঙ্গে কারা কারা জড়িত হয়—এগুলোই তুলে ধরা হবে।’তিনি আরও জানান, ছবির একটি অংশের শুটিং করার ইচ্ছা আছে ইতালিতে। এ জন্য ইতালিতে শুটিং করার অনুমতি চেয়ে ও ভিসার জন্য আবেদন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মার্চে ইতালিতে যাওয়া হবে। ছবির সংগীত পরিচালনা করবেন ইমন সাহা।