এক ডলারে রুশদির ‘মিডনাইট’স চিলড্রেন’!
সালমান রুশদির লেখা উপন্যাস ‘মিডনাইট’স চিলড্রেন’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন দীপা মেহতা। ছবির চিত্রনাট্যসহ এর ধারাভাষ্যেও অংশ নিয়েছেন রুশদি। মজার ব্যাপার হলো, দীপা মেহতার কাছে উপন্যাসটির চলচ্চিত্র-স্বত্ব প্রতীকী মূল্য মাত্র এক ডলারে বিক্রি করেছেন তিনি।রুশদি জানান, এই চলচ্চিত্রের ক্ষেত্রে দীপা মেহতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি তাঁর সঙ্গে দেখা করেছেন, টেলিফোনে কথা বলেছেন। চলচ্চিত্রটির প্রয়োজনে মুম্বাই ও কলম্বোতে ইন্দো-কানাডীয় পরিচালকের সঙ্গে সাক্ষাত্ করেছেন তিনি।রুশদি আরও জানান, তিনি দীপা মেহতার পক্ষ থেকেও পেয়েছেন অসাধারণ সহযোগিতা। প্রতিদিনের চিত্রায়ণের ছবি পেয়েছেন তিনি। চিত্রায়ণের সময় উপস্থিত না থাকলেও তারকাদের সঙ্গে স্কাইপ ব্যবহার করে কথা বলেছেন।ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে রুশদি জানান, ২৬ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠেয় একটি চলচ্চিত্র উত্সবে ছবিটি প্রদর্শিত হবে। ‘মিডনাইট’স চিলড্রেন’ উপন্যাসনির্ভর চলচ্চিত্র তৈরির জন্য দীপা মেহতার প্রশংসাও করেছেন রুশদি।‘মিডনাইট’স চিলড্রেন’ ছবির কাহিনি গড়ে উঠেছে ভারত ও পাকিস্তানের বিভক্তি নিয়ে। ১৫ আগস্ট ১৯৪৭ সালের প্রতীকী এক গল্পের মাধ্যমে উপন্যাস থেকে চিত্রনাট্যে রূপ দেওয়া হয়েছে ‘মিডনাইট’স চিলড্রেন’-এর।ছবির দৃশ্যধারণ বা চিত্রায়ণের জন্য পরিচালক দীপা মেহতা বেছে নিয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বোকে। ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে চিত্রায়ণ করে ‘মিডনাইট’স চিলড্রেন’ উপন্যাসের আবহ তুলে এনেছেন দীপা।