এক ঢিলে দুই পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখনো ভাবিনি মালদ্বীপে গিয়ে প্রোগ্রাম করব। আর সেখানে কিনা আমার জীবনের স্মরণীয় ঘটনাটাই ঘটে গেল। আসলে আমার কাছে সাবমেরিনে ভ্রমণটা এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’ বলছিলেন আঁখি আলমগীর। তিনি বললেন, ‘বিষয়টি আমার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করার পর তারাও সেখানে যাওয়ার জন্য উত্সাহী হয়ে ওঠেছে। আমরা এরই মধ্যে সিদ্ধান্তও নিয়েছি খুব শিগগিরই পরিবারের সবাই মিলে মালদ্বীপে যাব। আসলে পরিবারের সবাই মিলে এই রোমাঞ্চকর ভ্রমণে যদি আরেকবার যেতে না পারি, ততক্ষণ আমার শান্তি আসবে না।’১৬ থেকে ২২ জুন মালদ্বীপের স্যোশ্যাল সেন্টারে আয়োজিত দুই দিনের সাংস্কৃতিক সফরে আঁখি আলমগীরসহ একটি দল সেখানে যায়। ১৬ সদস্যের এ দলটির নেতৃত্বে ছিলেন গায়ক ফেরদৌস ওয়াহিদ। দলের অন্য সদস্যরা হলেন ফকির আলমগীর, নির্ঝর, সেরাকণ্ঠের শারমিন ও নির্বাচিতা। ১৮ ও ১৯ জুন দুই দিনের প্রোগ্রাম শেষে ২০ জুন বিকেল চারটায় সাবমেরিন যাত্রা শুরু করেন।মালদ্বীপ সফর নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু এবারের মতো ভ্রমণ জীবনেও হয়নি। এবারের ভ্রমণে আমি জীবনের স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছি। বলতে পারেন এক ঢিলে দুই পাখি শিকার করে এসেছি। মালদ্বীপে এবারের ভ্রমণ আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে নানা কারণে। প্রথমত, আমরা মালদ্বীপের যেখানে অনুষ্ঠান করি, সেখানকার দর্শক উপস্থিতি আমাকে অসম্ভব মুগ্ধ করেছে।’ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা সাধারণত দেশের বাইরে যেসব প্রোগ্রামে পারফর্ম করি সেখানে মোটের ওপর দর্শক থাকে এক হাজারের মতো। কিন্তু মালদ্বীপের রাজধানী মালেতে আমাদের এবারের প্রোগ্রামে দর্শক ছিল ১২ হাজারের মতো। তবে আমাদের জন্য আসল চমকটি অপেক্ষা করছিল অনুষ্ঠান শেষ হওয়ার পর। আমাদের সবার জন্য সেরা চমকটি ছিল সাবমেরিন ভ্রমণ। প্রথমেই আয়োজকদের একজন আমাদের কাছে এ প্রস্তাবটা রাখেন। তারপর তাঁকে জিজ্ঞেস করি খরচটা হবে কেমন? উত্তরে তিনি বলেন, ঘণ্টায় প্রতিজন ৩৫ হাজার টাকা।’সাবমেরিন ভ্রমণের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ‘টাকাটা কোনো বিষয় না (ঘণ্টায় প্রতিজন ৩৫ হাজার টাকা)। কারণ, সাবমেরিন ট্রিপে যাওয়াটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। মনে মনে ভাবতে থাকলাম, স্বপ্ন বুঝি এবার সত্যি হচ্ছে। এ আনন্দ দেখে কে? আমার সঙ্গে তখন আঁখি আলমগীর, নাচের দলের দুটি মেয়ে এবং অনুষ্ঠানের উপস্থাপকও যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সবার সম্মতিতে স্বপ্নের সাবমেরিন যাত্রা শুরু হয়। ভারত মহাসাগরের তীর থেকে দুই থেকে দুই কিলোমিটার ভেতরে গিয়ে আমরা সবাই সাবমেরিনে উঠি। তারপর সাবমেরিনে করে সাগরের প্রায় ৯০-১০০ ফিট নিচে নামি। জীবনে এই প্রথম কোনো সাগরের তলদেশে নামছি। সে যে কী রোমাঞ্চকর অভিজ্ঞতা, তা আসলে বলে বোঝাতে পারব না। পানির নিচে নামার পর দেখি তলদেশে ছোট-বড় অনেক পাহাড়।’ তিনি বলেন, ‘এ ছাড়া এই ভ্রমণে আমরা প্রথমবারের মতো প্রায় ১০০ প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে সাবমেরিন যাত্রী হিসেবে বিভিন্ন দেশের আরও ৬০ জনের মতো ভ্রমণপিপাসু ছিলেন। এক ঘণ্টার সেই সাবমেরিন ভ্রমণের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।’