এক দরিদ্র মুচির গল্প যাচ্ছে গ্রিসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বর্ণে বিবর্ণ’ ছবির দৃশ্য
‘বর্ণে বিবর্ণ’ ছবির দৃশ্য

গ্রিসের পঞ্চম এরাপেত্রা আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মধ্যম দৈর্ঘ্য প্রতিযোগিতা’ বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের ছবি ‘বর্ণে বিবর্ণ’ (পেল ইন দ্য কালারস)। এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি ৭ মিনিটের। এ চলচ্চিত্র নিয়ে পরিচালক আনোয়ার চৌধুরী বলেন, ‘পয়লা বৈশাখে নববর্ষ উদযাপনের উৎসবমুখর পরিবেশে মানুষের ভিড়ে, ফুটপাতে দেখা মিলে যায় এক দরিদ্র মুচির। চারপাশের রং যেন এই মুচিকে ছুঁতে পারে না, ঢাকতে পারে না তার অসহায় মলিনতাকে। তার ওপর সেই মুচি দরিদ্র, যেন উটকো আর বেমানান। একসময় ফুটপাত থেকে উঠে যেতে বাধ্য হয় সে।’

গ্রিসের ক্রিট শহরে এরাপেত্রা আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ আগস্ট। চলবে ৯ আগস্ট পর্যন্ত। উৎসবে ‘আন্তর্জাতিক স্বল্প ও মধ্যম দৈর্ঘ্য প্রতিযোগিতা’ বিভাগে বাংলাদেশসহ ১০টি দেশের ১৬টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। উৎসবে ৫ আগস্ট আনুষ্ঠানিক প্রদর্শনীর প্রথম দিনেই ‘বর্ণে বিবর্ণ’র প্রদর্শনী হবে। ছবিটির আরেকটি প্রদর্শনী হবে ৭ আগস্ট।

একটি ছোট্ট মানবিক গল্পকে ঘিরে পর্যবেক্ষণমূলক ও খানিকটা নিরীক্ষাধর্মী চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে—এমনটাই জানালেন আনোয়ার চৌধুরী। ‘বর্ণে বিবর্ণ’ তাঁর ষষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র। তাঁর ‘জলের শিল্পমঞ্জরী’ (ওয়াটার ওয়ার্কস) এবং ‘রুদ্ধ কৈশোর’ (ব্যারেন ড্রিমস) প্রামাণ্য চলচ্চিত্র দুটি দেশে এবং দেশের বাইরে কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।