এক দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ বছরে এমন নির্দেশ পাননি হূতিক। পরিচালক সঞ্জয় লীলা বানসালি বললেন, তাঁর গুজারিশ ছবিতে হূতিক রোশনের বিখ্যাত ‘ফিগার’ রাখা চলবে না। ছবির একটি অংশে হূতিককে ‘স্থূল’ দেখাতে হবে। নির্দেশ পাওয়া মাত্রই হূতিক তাঁর খাওয়া-দাওয়া এতই বাড়িয়ে দিয়েছিলেন, এক মাসে কোমরের মাপ তুলে নিয়ে গেলেন ৩৬-এ। শুটিং শেষ। এবার জয়া আখতারের ছবির কাজ শুরু করতে হবে। এই পরিচালকের নির্দেশ—হূতিককে যেন ছবিতে আগের চেয়েও পাতলা দেখা যায়। এবারও হূতিক সময় নিলেন না খুব বেশি। এক মাসে কোমরের মাপ ২৮-এ। এরই নাম হূতিক রোশন। ১০ বছর হয়ে গেল বলিউডে অথচ ছবির সংখ্যা হাতে গোনা। বাবা রাকেশ রোশন গর্ব করে বলেন, দীলিপ কুমারও দুই-তিন বছরে একটি ছবি করতেন। হূতিক সেটিই অনুসরণ করছে। কিন্তু সমালোচকদের অভিযোগ, দীলিপ কুমার, আমির খান তো তাঁর অভিনয়-জীবনের প্রথম ১০ বছর টানা অভিনয় করার পর এই সিদ্ধান্ত নিয়েছিলেন। হূতিক কী করে পারলেন এত তরুণ বয়স থেকেই লোভ সামলাতে? ‘খুবই সহজ। মুদ্রার এ-পিঠ যেমন দেখেছি। ও-পিঠও খুব অল্প বয়সে আমার দেখা হয়ে গেছে। ব্যর্থতার বোঝা কাঁধে নেওয়ার চেয়ে লোভ সামলানো অনেক সহজ’—হূতিকের সরল স্বীকারোক্তি। হূতিক রোশন তাঁর অতীতের অনেক সিদ্ধান্ত নিয়েই অনুতপ্ত। থ্রি ইডিয়টস-এর প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাও কি একটি? ‘অবশ্যই না’, হূতিকের ভাবলেশহীন উত্তর, ‘এটা তো সর্বকালের সেরা ব্যবসাসফল হিন্দি ছবি। সুতরাং আমি অনুতপ্ত হব কেন?’ কারণ এটা তো হূতিকের নিজের ছবিও হতে পারত! ‘তাহলে হয়তো এটা এত বড় হিট নাও হতে পারত। প্রত্যেকটি ছবিরই একটি গন্তব্য থাকে। আমির খান থ্রি ইডিয়টসকে যে উচ্চতায় নিয়ে গেছেন, আমি মনে হয় এতটা পারতাম না।’ যদিও হূতিকের ভক্তরা তা মানেন না। তেমনই একজন গ্যাংস্টার, মার্ডার, লাইফ ইন এ মেট্রো ছবির পরিচালক অনুরাগ বসু। দুই বছর তিন মাস পর হূতিক রোশন আগামী সপ্তাহে পর্দায় ফিরছেন এই অনুরাগের ছবি কাইটস দিয়েই। অনুরাগ বলেন, “হূতিক আপাদমস্তক একজন মেধাবী শিল্পী। কিন্তু অনেক পরিচালক তাঁর আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করেনি। সব সময় হূতিক শতভাগ প্রস্তুতি নিয়ে, সংলাপ ঝাড়া মুখস্থ করে সেটে আসে। আমি আমার ছবিতে এই ‘পারফেক্ট হিরো’কে চাইনি। কাইটস-এর কাজ শুরু করার আগে হূতিকের প্রতি একটাই নির্দেশ ছিল আমার, কোনো ধরনের প্রস্তুতি নেওয়া চলবে না। শুটিংয়ের সময় মাঝ দরিয়ায় আমি ওকে নামিয়ে দিতাম। মনিটর দেখতে দিতাম না। ওর যা ইচ্ছা করতে দিতাম। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি কাইটস-এ সবাই নতুন হূতিককে দেখবে। একদম দশে ১০।”নতুন হূতিককে জন্ম দেওয়ার জন্যই অনুরাগ ছবিতে হূতিককে দিয়ে প্লেব্যাক করিয়েছেন। অনুরাগের ভাষ্য, ‘আমি কখনো ঠোঁট মেলানো গানে বিশ্বাস করিনি। কাইটস-এ শুধু একটি গানে মনে হয়েছে হূতিককে ঠোঁট মেলাতে হবে। তখন মাথায় নতুন বুদ্ধি আঁটল, অন্য কেউ কেন? হূতিক নিজে গাইবে না কেন?’ হূতিকের প্রতি অনুরাগের নির্দেশ ছিল, ‘তুমি গান ভালো না গাইতে পারলেও চলবে। তবে গাইতে হবে।’ হূতিক বলেন, ‘দুই সপ্তাহ সকালে উঠে রেওয়াজ করতাম। এরপর দাঁত ব্রাশ করা থেকে গোসল করা, সারাক্ষণ গুনগুন চলত।’ হূতিকের স্ত্রী সুজান মনে করেন, হূতিক বিশ্বের সেরা গায়ক। স্মরণ করিয়ে দিতেই লাজুক হূতিক বলেন, ‘ও তো এমনকি এলভিস প্রিসলির সঙ্গেও আমাকে তুলনা করে। অন্ধ ভালোবাসা আর কি!’বাবা রাকেশ রোশন কাইটস প্রযোজনা করেছেন। ছবির নায়িকা ম্যাক্সিকান বারবারা মোরি ও কঙ্গনা রনৌত। ২১ মে হিন্দি সংস্করণ (১৩০ মিনিট), ২৮ মে হলিউডে ইংরেজি সংস্করণ (৯০ মিনিট) এবং তার পরের মাসে স্প্যানিশ ভাষায় কাইটস মুক্তি পাবে। হলিউড নির্মাতা ব্রেট র‌্যাটনার (রাশ আওয়ার, ফ্যামিলি ম্যান, এক্স-ম্যান: দ্য লাস্ট স্ট্যান্ড) কাইটস-এর ইংরেজি এবং স্প্যানিশ সংস্করণ সম্পাদনার দায়িত্ব নিয়েছেন। ১৮ মে লন্ডনে এ ছবির প্রথম প্রদর্শনী হবে। এর আগে রেকর্ড ১৭০০ প্রিন্ট নিয়ে মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়টস। কাইটস সে রেকর্ড ভাঙতে যাচ্ছে (২৩৫০টি প্রিন্ট)। প্রচলিত আছে, এ ছবিতে নাকি শুরুতে হূতিক কাজ করতে চাননি? ‘সত্যিই তাই’, হূতিক হারিয়ে যান স্মৃতিতে, ‘গল্প শুনে খুব ভালো লেগেছিল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না কাজটি করতে পারব কি না। তখন আমার হাঁটুর অবস্থা এতই খারাপ ছিল যে আমি অন্য পেশার কথা ভাবছিলাম। ভাবছিলাম গান করব, নয়তো পরিচালনা। খুব ভেঙে পড়েছিলাম। ভাবতাম, আর কখনো নাচতে অথবা দৌড়-ঝাঁপ করতে পারব না। বাবার চাপাচাপিতে শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম। কী আশ্চর্য, শুটিং করতে গিয়ে দেখি আমার হাঁটুর সমস্যা এক নিমেষে উধাও!’ পেশার ক্ষেত্রে বাবার কথা শুনলেও ব্যক্তিজীবনে বাবার অনেক কথাই শোনেন না ‘ডুগ্গু’। দাদা শখ করে নাতিদের চকলেট দিতে গেলেই শুরু হয়ে যায় হূতিকের চোখরাঙানি। এই প্রসঙ্গে হূতিকের সাফ কথা, ‘ছোটবেলায় আমি ছিলাম চকলেটের পাগল; যে কারণে আমার শৈশব-কৈশোর ডাক্তারদের নির্যাতনের মধ্যে বেড়ে উঠতে হয়েছে। তা ছাড়া আমি মনে করি, একটা শিশুর প্রথম পাঁচ বছরই তার স্বাস্থ্যের গঠন তৈরি করে দেয়। বাচ্চাদের সুস্থতার জন্যই আমাকে কঠোর হতে হচ্ছে।’ বোঝা গেল বাবা হিসেবেও হূতিক দশে ১০।  আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট