এক দাপুটে অভিনেতার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুল ইসলাম (১০ অক্টোবর ১৯৩৭—২৪ মার্চ ২০১৫)
সিরাজুল ইসলাম (১০ অক্টোবর ১৯৩৭—২৪ মার্চ ২০১৫)

চলে গেলেন নাটক, চলচ্চিত্র ও মঞ্চের ‘দাপুটে’ অভিনেতা সিরাজুল ইসলাম। বার্ধক্যের নানা রোগের কারণে অভিনয় থেকে একরকম দূরেই ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার নিকেতনে নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা আবুল হায়াত জানিয়েছেন, গতকাল বিকেলে জানাজার পর সন্ধ্যার কিছু আগে তঁাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
১৯৮৪ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘চন্দ্রনাথ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। তঁার পরিচালিত প্রথম চলচ্চিত্র জননী। এই ছবিতে অভিনয় করেন শাবানা, বুলবুল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা, রানী সরকার, সুমিতা দেবীসহ আরও অনেকে। নাটক, চলচ্চিত্র ছাড়াও তিনি নির্মাণ করেছেন বেশ কিছু প্রামাণ্যচিত্র। দীর্ঘদিন পর গত বছর অভিনয় করেন অসমাপ্ত কবিতার গল্প ও দ্য প্রেস নামের দুটি টেলিছবিতে।
সিরাজুল ইসলামের জন্ম ১৯৩৭ সালের ১০ অক্টোবর পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তঁার ক্যারিয়ারের শুরু হয় বেতারে। পরে ১৯৫৬ সালে যোগ দেন তখনকার গণসংযোগ বিভাগে। মঞ্চে কাজ শুরু করেন সেই কৈশোরে। মহীউদ্দিন পরিচালিত রাজা এলো শহরে চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তঁার চলচ্চিত্রজীবন। এরপর নাচঘর, অনেক দিনের চেনা, শীত বিকেল, বন্ধন, ভাইয়া, রূপবান, উজালা, ১৩ নং ফেকু ওস্তাগার লেন, নয়নতারা, আলীবাবা, চাওয়া পাওয়া, গাজী কালু চম্পাবতী, নিশি হলো ভোর, সপ্তডিঙ্গা, মোমের আলো, ময়নামতি, যে আগুনে পুড়ি, দর্পচূর্ণ, বিনিময়, ডুমুরের ফুলসহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তথ্যসূত্র: বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, অনুপম হায়াত