
সাজু খাদেম। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চিত্রশিল্পী নন, তিনি এখন অভিনয়শিল্পী।
স্ট্রেট বল
এই মুহূর্তে আছি
বান্দরবান।
ছেলেবেলার সুপারহিরো
নায়করাজ রাজ্জাক।
আমি অভিনয়শিল্পী কারণ
মানুষ মাত্রই অভিনয় করে।
যে পোশাকে আমাকে মানায়
টি-শার্ট, জিনস।
গুগলি
এক দিনের রাজা হলে
অনেকগুলো রানি বানাব।
আলাদিনের দৈত্যর কাছে তিনটি চাওয়া
প্রথম চাওয়া, আমার অগণিত চাওয়া পূরণ করতে হবে। দ্বিতীয় চাওয়া, প্রশ্ন করা যাবে না। তৃতীয় চাওয়া, দূর হও এবং আর কখনো এসো না!
ছবি আঁকতে দিলে যার ছবি আঁকব
সামনে যে থাকবে।
টাইম মেশিনে চড়ে যে সময়টায় যেতে চাই
স্কুলজীবনে।
বাউন্সার
যে চরিত্রে অভিনয় আমাকে দিয়ে হবে না
অনেকগুলো। যেমন: পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের চরিত্র!
প্রথম প্রেম
ক্লাস টুতে! হ্যাঁ, আমি তখন প্রেম বুঝতাম বলেই আমার মনে হয়!
যাকে দেখে হিংসা হয়
কাউকে হিংসা হয় ঠিক তা না। তবে এ ধরনের প্রশ্নে আমির খানের নাম বলা যায়।
জীবনের বড় ভুল
এখন মনে হচ্ছে, এই ইন্টারভিউ দেওয়াটাই একটা বড় ভুল! এতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, ভাবিনি।
ফুল টস
যে কাজটা সবচেয়ে ভালো পারি
সকালে ঘুমাতে পারি।
যাকে সবচেয়ে ভালো অনুকরণ করতে পারি
অনেককেই পারি। তবে অনুকরণ করে প্রশংসা পেয়েছিলাম একজনের কাছে—হুমায়ুন ফরীদি।
যার জন্য জীবন বাজি রাখতে পারি
প্রিয় মানুষদের জন্য।
সবচেয়ে বড় অর্জন
আমার সন্তান।
পাওয়ার প্লে
আমার করা সেরা চরিত্র
এক কথায় বলতে হলে ভোলার ডায়রির ‘ভোলা’র কথাই বলতে হবে।
যে প্রশ্নটা নিজেকে করতে চাই
সবাইকে ভালো লাগে কেন!
প্রিয় সংলাপ
‘নাম আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মুসলমানের ছেলের নাম কেন বিভূতিভূষণ হলো, এই নিয়ে স্কুলে বহুবার বিপদে পড়তে হয়েছে।’ এলেবেলেধারাবাহিকের সংলাপ।
একদিন ঠিকই
অভিনেতা হব!
মো. সাইফুল্লাহ