এক দুপুরে তাঁরা চারজন
সোমবার মধ্যদুপুর। বিএফডিসির ২ নম্বর ফ্লোর। দৃশ্য ধারণ চলছে রিয়েলিটি শো বাংলাদেশি আইডলের এসএমএস রাউন্ড পর্বের। বিশ্রামকক্ষে ঢুকতেই দেখা মিলল চার বিচারকের। আড্ডায় মশগুল। সেই আড্ডায় কিছুটা ছন্দপতন ঘটায় আমাদের উপস্থিতি। দুপুরের খাবারের বিরতি। আর এই বিরতির ফাঁকে আমাদের আড্ডা সেরে নিতে হবে। তাই দেরি না করে ঝটপট কথা বলা শুরু। শুরুতেই জানতে চাইলাম, বাংলাদেশ আইডলের শুরুটা অনেক আগে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনেক দেরি করতে হয়েছে। কেন?এন্ড্রু কিশোর বললেন, ‘এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবচেয়ে বড় রিয়েলিটি শো। ৪৯তম দেশ হিসেবে বাংলাদেশে আয়োজন করা হয়েছে আইডল। বিশ্বে এত ক্ষমতাসম্পন্ন দেশ থাকতে আমরা যে এটা ৪৯তম দেশ হিসেবে আনতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। ভালো কিছুর জন্য সময় তো দিতেই হবে।’বিচারকদের যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশি আইডলে এখন চলছে শেষ ২৪ জনের লড়াই। এখানে তারা সবাই এসএমএস পর্বে। বিচারকরদের তেমন কোনো ভূমিকাই এখন নেই। ফেরদৌসী রহমান বললেন, ‘সব ধরনের যাচাই-বাছাই শেষে কিন্তু প্রতিযোগীরা এ পর্যায়ে এসেছে। প্রাথমিক পর্যায় থেকে সবাইকে আমরা ছেঁকে নিয়ে এসেছি। এখন দর্শকদের চিন্তাভাবনা করে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশের দর্শকেরা অনেক বেশি আবেগপ্রবণ। তাই আবেগকে দূরে ঠেলে তাঁদের সঠিক বিচারটাই করতে হবে, যেন বাংলাদেশ সত্যিকারের আইডল খুঁজে পায়।’তাঁর কথার রেশ ধরেই মেহ্রীন বলেন, ‘এটা ঠিক, বাংলাদেশের মানুষের মধ্যে আঞ্চলিকতার ব্যাপারটি অনেক বেশি কাজ করে। আমাদের চাওয়া থাকবে সবকিছুকে পাশ কাটিয়ে তাঁরা যেন এসএমএস দিয়ে সঠিক বিচারটা করেন।’এন্ড্রু কিশোর যোগ করলেন, ‘আইডলের নিয়মই হচ্ছে একটা পর্যায় পর পুরো প্রক্রিয়াটা দর্শকদের হাতে। আর এটাতেই আমরা সবাই আটকে আছি।’বাংলাদেশি আইডলের বিচারকাজ করতে গিয়ে গত কমাস একসঙ্গে বেশির ভাগ সময় কাটাচ্ছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহ্রীন। খুব কাছ থেকে একে অপরকে দেখার এবং বোঝার সময় ও সুযোগ পেয়েছেন। এ ব্যাপারে আইয়ুব বাচ্চু বললেন, ‘প্রথমেই বলব, আমাদের একজন মুরব্বি আছেন। আর বিচারকের আসনে যে চারজন তাঁরা কিন্তু কেউই সমবয়সী নই। চারজন সমানভাবে জনপ্রিয়ও নই। তাই বিব্রতকর কোনো দৃশ্যের অবতারণা হচ্ছে না এখানে। এখানে সব অভিজ্ঞতাই ভালো। ’‘মজার ব্যাপার হচ্ছে, এখানে যিনি মুরব্বি, তিনি কিন্তু ডমিনিটিং নন। তাই খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজটি করছি। বরং সবার চেয়ে বাচ্চু কিছুটা ডমিনিটিং থাকে। হাহা-হা।’ বললেন ফেরদৌসী রহমান। মেহ্রীন বললেন, ‘আসলে আমাদের মধ্যে অমিল কিছুই নেই। এখানে সবার চেয়ে আমি ছোট। তাই অনেক ভালো কিছু শিখতে পারছি।’এন্ড্রু কিশোর বিষয়টি খোলাসা করলেন, ‘আমরা যখন ঘর থেকে আসি, তখন কিন্তু আরেকটা পরিবারের সঙ্গে যুক্ত হই। এটা হচ্ছে আইডল পরিবার। একসঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, সব এখানেই হয়।’এর আগে আইয়ুব বাচ্চু ও মেহ্রীন রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর বিচারক হলেন ফেরদৌসী রহমান ও এন্ড্রু কিশোর। জানতে চাইলে এন্ড্রু কিশোর বলেন, ‘আমি হচ্ছি এখানে শিশু। সবাই যেভাবে বলে, সেভাবে আমিও আমার মতামতটা দিই। আশা অনেক ছিল। সেভাবে এগোচ্ছিলামও। কিন্তু ভোটিং পদ্ধতির কারণে অনেক প্রতিভাবান প্রতিযোগী বাদ পড়ে যাচ্ছে। এটা নিয়ে কিছুটা শঙ্কাও কাজ করছে।’কথায় কথায় ডাক পড়ে পরবর্তী সেশনের রেকর্ডিংয়ে। তাই বাধ্য হয়ে শেষ করতে হয় কথোপকথন। সবশেষে বাংলাদেশের সংগীতের এখনকার অবস্থা সম্পর্কে মূল্যায়ন কী জানতে চাইলে ফেরদৌসী রহমান বলেন, ‘আমরা সব দিক দিয়ে একটা অস্থির সময় পার করছি। সংগীতও বাদ পড়েনি তা থেকে। চারদিকের এই অস্থিরতার প্রভাব সংগীতেও পড়ছে। এখনকার কম্পোজিশনগুলোয় আরাম কিংবা শান্তি পাই না। রয়েছে জ্ঞানের অভাবও। রিয়েলিটি শোগুলোতে যেসব ছেলেমেয়ে গান গাইতে আসছে, তাদের গানও সেই অর্থে মনকে নাড়া দিতে পারছে না।’