
ইশ্! যদি পাখি হয়ে আকাশে উড়তে পারতাম কিংবা যদি হতাম রূপকথার কোনো এক রাজকুমারী। মাথায় যদি থাকত সেরা সুন্দরীর সেই মুকুটটি কিংবা হতাম যদি রুপালি রাজ্যের কোনো এক গল্পের নায়িকা।... মনে মনে কত ইচ্ছেই না খেলা করে ছেলেবেলায়। কোনো এক দ্বীপদেশের সেই মেয়েটির মনেও এমনি কিছু ইচ্ছে খেলা করত। আর ইচ্ছেগুলোকে লালন করতে করতে মেয়েটি ঠিকই একদিন হয়ে গেল সেই দ্বীপদেশের সেরা সুন্দরী। এরপর অতিথি পাখি হয়ে উড়ে এল বলিউড নামের এক রাজ্যে। রাজকুমারীর বেশেই তাকে বরণ করেছে বলিউড। বাকি শুধু নায়িকা হওয়ার পালা। এবার জ্যাকুলিন ফার্নান্দেজ নামের সেই দ্বীপকন্যার বলিউড রাজ্যের নায়িকা হয়ে ওঠার গল্প শোনার পালা।
জ্যাকুলিনের জন্ম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় হলেও শৈশব-কৈশোর কেটেছে আরব সাগরের তীরের দেশ বাহরাইনে। তবে অস্ট্রেলিয়ায় গণযোগাযোগ নিয়ে পড়াশোনা শেষ করার পর শ্রীলঙ্কাতেই ফিরে আসেন জ্যাকুলিন। টিভি রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন শ্রীলঙ্কার একটা টিভি চ্যানেলে। করেছেন অনুষ্ঠান উপস্থাপনাও। একসময় ডাক পড়ে মডেলিংয়ে। ২০০৬ সালের ‘মিস শ্রীলঙ্কা ইউনিভার্স’-এর মুকুট যখন জ্যাকুলিনের মাথাতেই উঠল ছেলেবেলার ইচ্ছেরা ঠিক তখনি যেন ডানা মেলতে শুরু করে। ২০০৭ সালে শ্রীলঙ্কার একটি মিউজিক ভিডিওতে জ্যাকুলিনের প্রথম আত্মপ্রকাশ। ২০০৯ সালে প্রথম অভিনয় করেন বলিউডের ছবি আলাদিন-এ।
আলাদিন ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নতুন মুখ হিসেবে ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ এবং ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ডস’ পান জ্যাকুলিন। এরপর পরিচালক সাজিদ খানের হাউসফুল ছবিতে আইটেম গানে জ্যাকুলিনের উপস্থিতি তাঁকে বলিউডে পরিচিত করে তোলে। তবে দর্শকদের কাছে জ্যাকুলিন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান টু সিরিজের সিকুয়্যাল ছবিগুলো দিয়েই। প্রথমেই মহেশ ভাটের মার্ডার টু। ২০১১ সালে মার্ডার টু-এর সাফল্যের পর জ্যাকুলিনের খুঁড়িয়ে চলা ক্যারিয়ারের পালে মৃদু হাওয়া লাগে। এরপর একে একে সাজিদ খানের হাউসফুল টু এবং আব্বাস মস্তানের রেস টু ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন এই বিউটি কুইন। তিনটি ছবিই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। তবে অ্যাকশন থ্রিলার ধাঁচের রেস টু ছবিতে সাফল্যের পর জ্যাকুলিনকে নিয়ে বলিউডে নতুন করে হিসাবনিকেশ শুরু হয়। অ্যাকশন ধাঁচের কিক ছবিতে সালমান খানের বিপরীতে কে নায়িকা হবেন, তা নিয়ে কয়েক বছর ধরেই দারুণ কৌতূহল তৈরি হয়। শেষ পর্যন্ত জ্যাকুলিনের ভাগ্যের চাকা ঘুরে যায়। আর জ্যাকুলিনই এনে দিলেন সালমানের অভিনয়জীবনের অন্যতম ব্যবসাসফল ছবিটি। কিক সালমানের প্রথম ছবি যা এখন ‘২০০ কোটি রুপি’ ক্লাবে নাম লিখিয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ছবিটি মাত্র ১১ দিনেই বক্স অফিস থেকে সংগ্রহ করেছে ২০০ কোটি রুপি।
জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ‘কিক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। এ রকম একটি ছবির অপেক্ষাতেই বুঝি ছিলাম আমি।’
এবার আলাদিনের চেরাগ পেয়ে গেছেন জ্যাকুলিন! সালমানকে তো আলাদিনের চেরাগ বলাই যায়। তাঁর ওপর সওয়ার হয়ে কত নায়িকাই ওপরে উঠে গেছেন! এবার ‘বিউটি কুইন’ থেকে ‘বলিউড কুইন’ হওয়ার পালা জ্যাকুলিনের?
সাজিদুল হক
ওয়ান ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়া, উইকিপিডিয়া অবলম্বনে