এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী
পড়শী

পড়শীর চিড়িয়াখানা
কণ্ঠশিল্পী পড়শীর বাসা উত্তরার ৭ নম্বর সেক্টরে। তার বাসায় আছে একটা ছোট্ট চিড়িয়াখানা। এখানে আছে ঘুঘু, কবুতর, কালিম, লাভবার্ড, খরগোশ, নীল রঙের কচ্ছপ, কুকুর, বানর, বাজরিকা, তোতা, ছাগলসহ নানা ধরনের মাছ আর গিনিপিক। পড়শীর খুব পছন্দ ‘জ্যাক’ নামের বানরটি। পড়শী বললেন, ‘আমি জ্যাককে এত পছন্দ করি, কিন্তু জ্যাক আমাকে পছন্দ করে না। আরও ভালো লাগে কালিম পাখি আর খরগোশ।’
পড়শী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গান আর পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়, তাই চিড়িয়াখানার প্রাণীদের বেশির ভাগ দেখাশোনা করেন তাঁর মা। চিড়িয়াখানার প্রাণীদের দেখাশোনা করার জন্য ইদানীং আলাদা করে একজনকে দায়িত্বও দেওয়া হয়েছে।
পড়শী জানান, লাভবার্ড, ঘুঘু আর কবুতরসহ কয়েক ধরনের পাখি আছে এখানে। আছে তিন প্রজাতির ঘুঘু। আর মাছ আছে বাসার ছাদের ওপর তৈরি চৌবাচ্চায়। শিগগিরই পড়শীর চিড়িয়াখানায় যোগ হচ্ছে হরিণ।

কুশন যখন ড্রামস
৩ এপ্রিল ছিল এলআরবির প্রতিষ্ঠাবার্ষিকী। ২৫ বছরে পা রেখেছে দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ড। ওই দিন ফেসবুকে এলআরবির পেজে ভক্তদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সদস্যারা। সারা দিনই এলআরবির বিভিন্ন ভিডিও আপলোড করা হয়েছে পেজে। 

এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য আইয়ুব বাচ্চু জানালেন, শুরুতে তেমন কিছুই ছিল না এই ব্যান্ডের। ফেন্ডার গিটার আর অন্য ব্র্যান্ডের একটি বেজ গিটার ছিল সবেধন নীলমণি। জয় ড্রামস প্র্যাকটিস করতেন কুশন দিয়ে। আর এই ফেন্ডার গিটার দিয়েই এসেছে প্রথম ডাবল অ্যালবামের ‘মাধবী’, ‘হকার’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘ঢাকার সন্ধ্যা’ ও ‘প্রভু তুমি আমাকে শক্তি দাও’ গানগুলো।

ভাগ্য নির্ধারণী প্রেক্ষাগৃহ
যে ছবিটি শুক্রবার মুক্তি পাবে, তাতে লাভ হবে নাকি টাকার শ্রাদ্ধ হবে, তা এক দিন আগেই জানতে চান অনেক চলচ্চিত্র প্রযোজক। কীভাবে? এ ব্যাপারে মানসিকভাবে নিশ্চিন্ত হতে তাঁরা তাকিয়ে থাকেন সিরাজগঞ্জের সাগরিকা আর রজনীগন্ধা প্রেক্ষাগৃহের দিকে। সারা দেশের প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পায় শুক্রবার, কিন্তু সাগরিকা আর রজনীগন্ধায় মুক্তি পায় বৃহস্পতিবার। এই দুটি প্রেক্ষাগৃহের ফলাফল দেখে প্রথম দিনেই নির্মাতারা বুঝতে পারেন ছবির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। যদি হিট হয় তাহলে সারা দেশে ছবি সাফল্যের মুখ দেখে, ফ্লপ হলে ঘটে উল্টোটি।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় মোট চারটি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পায় বৃহস্পতিবার।