এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয়
হৃদয়

মডেল হৃদয়
গায়ক বা সংগীত পরিচালক হওয়ার আগে হৃদয় খান ছিলেন মডেল! কী, ভ্রু লাফ দিয়ে উঠল? ঘটনা তেমনই। ২০০৮ সালে প্রকাশ হয়েছিল হৃদয়ের সংগীতায়োজনে প্রথম অ্যালবাম হৃদয় মিক্স। তারও আগে ২০০৪ সালে মুঠোফোন প্রতিষ্ঠান সিটিসেলের জন্য মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন হৃদয়। দৃশ্যে দেখা যায়, দুটি ছেলেমেয়ে হাতে কৃত্রিম পাখা বেঁধে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দৌড়ে বেড়াচ্ছে। ৬০ সেকেন্ডের এ বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেন অমিতাভ রেজা।

রুবেল কাণ্ড!
ছবির জন্য চিত্রনায়ক রুবেল এক অকল্পনীয় কাজ করেছিলেন। না, মারধর নয়। একটি ইঁদুরের গায়ে সরাসরি দাঁত বসিয়ে দিয়েছিলেন তিনি। আর ঘটনাটি ঘটেছিল শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিপ্লব ছবিতে। কোনো কাপড় বা পলিথিন ব্যবহার না করেই তিনি কামড় দেন ইঁদুরকে। দৃশ্যটি বিশ্বাসযোগ্য করার জন্য তিনি এমন কাণ্ড করেছিলেন। রুবেল বলেন, ‘এটা আমার অভিনয়জীবনের অন্যতম সেরা দৃশ্য ছিল। ইঁদুর অনেক রোগের বাহক। তাই এটা নাড়লেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু দৃশ্যটি প্রাণবন্ত করার জন্য ইঁদুরের গায়ে সরাসরি কামড় দিয়েছিলাম। পরে এর জন্য বাসায় ভাইয়া (সোহেল রানা) আর মায়ের বকুনি খেতে হয়েছিল।’

তবে ট্র্যাজিক ঘটনাও আছে। কারণ, ছবির এই দৃশ্যটি সেন্সর বোর্ড বাদ দিয়ে দেয়। দৃশ্যটি দেখানো হয়নি প্রেক্ষাগৃহে।

আজম খান
আজম খান

আজম খানের গান
পপগুরু আজম খানের ‘আমি যারে চাইরে’ গানটি দারুণ পছন্দ হয় কলকাতার ভূমি ব্যান্ডের শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়ের। পরে এ গানের অনুপ্রেরণায় তিনি একটি গান লেখেন। ‘আমি যারে চাইরে’ গানটির প্রথম লাইন তিনি ব্যবহার করেন নিজের গানে। সুরজিতের লেখা গানটির প্রথম কয়েকটি লাইন হলো, ‘আমি যারে চাইরে, আমি যারে পেয়েও না পাইরে, আমি যারে পেয়েও হারাইরে, কেন তারে এখনো চাইরে।’ আর এটাই ছিল সুরজিতের লেখা প্রথম গান। গত বছর ঢাকায় সুরজিৎ-এর গান অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন সুরজিৎ। এখানে তিনি বলেন, ‘আমি তখন স্কুলে পড়ি। বাসার টিভি অ্যানটেনা ঘুরিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতাম। একদিন সন্ধ্যায় এক লোক ‘আমি যারে চাইরে’ গানটি গাইলেন। কথাগুলো মাথায় ঘুরতে থাকল। লিখে ফেললাম। পরে জেনেছি, এই শিল্পী পপগুরু আজম খান।’
গ্রন্থনা: আলম বিশ্বাস