এক নজরে

মাইলসের ‘প্র’ প্রীতি
১৯৮২ সালে মাইলসের প্রথম অ্যালবাম বেরিয়েছিল মাইলস নামেই। চার বছর পর আসে আ স্টেপ ফারদার। দুটিই ইংরেজি গানের অ্যালবাম। এ দুটি ঘটনা ব্যতিক্রম। কিন্তু পরেরগুলো কাকতালীয়। কারণ ব্যান্ডের পরের সাতটি অ্যালবামের প্রতিটির আদ্যক্ষর ‘প্র’। আর সব কটিই বাংলা গানের অ্যালবাম। চটজলদি দেখা নেওয়া যাক নামগুলো- প্রতিশ্রুতি (১৯৯১), প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস (১৯৯৭), প্রবাহ (২০০০), প্রতিধ্বনি (২০০৬), প্রতিচ্ছবি (২০১২)। ২০১২ সালে মাইলসের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এই সাতটি অ্যালবামের নামের রহস্য প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘এটা কাকতালীয়।’
গেছো মৌসুমী হামিদ
মৌসুমী হামিদের আছে বিরল প্রতিভা! তিনি যেকোনো গাছে উঠতে পারেন। নারকেল, সুপারি এমনকি তালগাছেও। মুচকি হেসে বললেন, ‘সব গাছেই উঠতে পারি। ছোটবেলায় নারকেল, সুপারি এবং তালগাছে বেশি উঠতাম। সাতক্ষীরার বাসা থেকে প্রায়ই আমরা ভাইবোনেরা এদিক-সেদিক চলে যেতাম। দুপুরে বাসার বড়রা যখন ঘুমিয়ে থাকতেন, তখন দোতলা বাসার ছাদের পাশের সুপারিগাছ ধরে টুপ করে নেমে যেতাম। কেউ টেরই পায়নি।’

এক গান তিন মাসে!
২০০৭ সালে বের হয় মাহাদীর প্রথম অ্যালবাম বন্দনা। ‘তুমি বরুনা হলে, হব আমি সুনীল’ গান দিয়েই মাত করেন তিনি। তবে আসিফ ইকবালের লেখা প্রিন্স মাহমুদের সুর ও সংগীত পরিচালনায় কাজটি করতে গিয়ে ‘কাত’ হওয়ার অবস্থা হয়েছিল তাঁর। টানা তিন মাস চলেছে গানটির কাজ। কাজের প্রতি আপসহীন আসিফ ইকবাল আর প্রিন্স মাহমুদ কয়েকবার কাটাছেঁড়া করেন গানটি। আর একাধিকবার তো কণ্ঠ দিতে এসে সারা রাত বসে থাকতে হয়েছে মাহাদীকে। কণ্ঠ আর দেওয়া হয়নি। মাহাদী বললেন, ‘প্রিন্স ভাই তো ভীষণ ব্যস্ত। আমাকে ডেকেছেন। আমি এসে স্টুডিওর বসার ঘরে সারা রাত পার করেছি। প্রিন্স ভাইয়ের সে কথা মনেই নেই। ভোরে ডাক পড়ত। আর গান তৈরি করার পরও কয়েকবার পরিবর্তন করা হয়েছিল।’