এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাঠশিল্পী’ রফিকুল আলম!

আবিদা সুলতানা ও রফিকুল আলম
আবিদা সুলতানা ও রফিকুল আলম

ঘটনাটা কয়েক বছর আগের। ভোটকেন্দ্রে গেছেন সংগীতশিল্পী আবিদা সুলতানা। কেন্দ্রের কর্মকর্তা জানতে চাইলেন স্বামীর নাম। আবিদা সুলতানা বললেন, রফিকুল আলম। এরপর কর্মকর্তা নির্বাচন কমিশন থেকে পাঠানো তালিকা থেকে যা দেখালেন, তা দেখে আবিদা সুলতানার চোখ তো কপালে! সেখানে তঁার স্বামীর নামের জায়গায় লেখা আছে ‘কাঠশিল্পী রফিকুল আলম’। আবিদা বলেন, ‘এটা মুদ্রণজনিত ভুল ছিল। ঘটনাটির কথা মনে পড়লে এখনো হাসি পায়।’

অন্যের ছবি দেখতে

পূর্ণিমা
পূর্ণিমা

পূর্ণিমার প্রথম ছবি এ জীবন তোমার আমার। মুক্তি পায় ১৯৯৮ সালের ১৫ মে। নিজের প্রথম ছবি, নিশ্চয়ই তা নিয়ে আগ্রহের এতটুকু কমতি থাকার কথা নয়। মানসিক চাপের কারণে রাতে ঘুমাতে পারবেন না। এটাই তো স্বাভাবিক। কিন্তু না, ওই দিন ঘটেছিল অন্য ঘটনা। নিজের ছবি দেখতে নয়, পূর্ণিমা গেলেন অন্য প্রেক্ষাগৃহে। ওখানে হবে শহীদুল ইসলাম খোকনের ভণ্ড ছবির প্রদর্শনী। কেন? তা নিয়ে সম্প্রতি ফেসবুক পেজে পূর্ণিমা একটি স্ট্যাটাস দেন। তা থেকে জানা যায়, ভণ্ড ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে নাকি পূর্ণিমার বাসায় ফোন করেছিলেন শহীদুল ইসলাম খোকন। কিন্তু ওই ছবিতে অভিনয় করা হয়নি পূর্ণিমার। আর যেদিন ছবিটি মুক্তি পায়, সেদিন ছিল শহীদুল ইসলাম খোকনের জন্মদিন। সব মিলিয়েই পূর্ণিমা ওই দিন খোকনের ছবিটি দেখার সিদ্ধান্ত নেন।

নিজেই উপস্থাপক, নিজেই গায়িকা!

মুনমুন
মুনমুন

মঞ্চে উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। তিনি ঘোষণা করলেন, এবার গান গাইবেন রুমানা মালিক মুনমুন! এরপর গাইতে শুরু করলেন তিনি! অবাক হওয়ার আগে চলুন আমরা ফিরে যাই ২০ বছর আগে। ১৯৯৪ সাল। আজকের উপস্থাপিকা, নৃত্যশিল্পী ও ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার সেরা চারের প্রতিযোগী মুনমুন ছিলেন ঢাকার লিটল জুয়েলস স্কুলের ছাত্রী। তিনি বলেন, সেটা ছিল স্কুলের একটি অনুষ্ঠান। সেদিন তিনি পেয়েছিলেন জীবনের প্রথম পুরস্কার। এমনকি হয়েছিলেন ক্লাসসেরা।