এক নজরে
চম্পাকে বন্দী করে দৃশ্যধারণ!

শহীদুল ইসলাম খোকন পরিচালিত দিন মজুর ছবির তখন দৃশ্যধারণ চলছে। রুবেলের ঘরে আগুন দেওয়া হবে। প্রস্তুতিও সম্পন্ন। হঠাৎ বেঁকে বসলেন ছবির নায়িকা চম্পা। পরিচালককে বললেন, ‘এই শট দিতে গেলে রুবেলের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি তাঁর জীবননাশও হতে পারে। অন্য কিছু করুন।’
চম্পা নাছোড়বান্দা। কোনো উপায় না পেয়ে পরিচালক চম্পাকে অন্য ঘরে আটকে রাখার পরিকল্পনা করেন। তাঁকে আটকে রেখেই দৃশ্যধারণ সম্পন্ন করেন।
সেদিন চম্পার এই ভালোবাসার কথা ভোলেননি রুবেল। বললেন, ‘সহকর্মীর প্রতি এমন ভালোবাসা সত্যিই বিরল।’
গানের তালিম না নিয়েই বিশ্বভারতীতে!

১৯৭৪ সালের কথা। রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হঠাৎ বিশ্বভারতীতে পড়ার জন্য বৃত্তি পেলেন। বুয়েট ছেড়ে রওনা হলেন ভারতের পশ্চিমবঙ্গে। তবে মজার ব্যাপার হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া এই প্রতিষ্ঠানে যাওয়ার আগে সংগীতের ওপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি তিনি। এমনকি কোনো শিক্ষকের কাছ থেকেও না!
সাদী বলেন, ‘বিশ্বভারতীতে যাওয়ার আগে বড় কোনো ওস্তাদের কাছে গান শিখিনি ঠিকই, কিন্তু কলেজে কিংবা এলাকার মঞ্চে প্রচুর গান গাইতাম।’
আলম বিশ্বাস