এক নজরে
সালমান নয়, শাকিব

শাকিব খান প্রথম অভিনয় করেন সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা ছবিতে। এই ছবিতে অভিনয় করার কথা ছিল প্রয়াত নায়ক সালমান শাহর। সবকিছু চূড়ান্তও হয়েছিল। কিন্তু সালমান শাহর অকাল মৃত্যু সব পরিকল্পনা পাল্টে দেয়। থমকে যায় ছবির কাজ। পরে শাকিব খানকে পেয়ে কাজটি শুরু করেন পরিচালক। সোহান বলেন, ‘এমন পরিস্থিতিতে শাকিব খানকে পাওয়ায় ছবির কাজ ঠিকমতো শেষ হয়েছে।’
ছবির নায়িকা ছিলেন ইরিন জামান।
কাজে মুগ্ধ হয়ে পাত্র উপহার!

’৫১ বর্তী ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস। সবাই তাঁকে চেনেন। আর তাতে সুবিধার বদলে অসুবিধা হলো বেশি। ব্যবসায় প্রশাসনের ছাত্রী মৌটুসী স্নাতক শেষ করে বন্ধুরা মিলে ইন্টার্নশিপের জন্য আবেদন করেন একটি ব্যাংকে। সবার ডাক আসে কিন্তু মৌটুসীর কোনো খবর নেই। সবার ইন্টার্নশিপ শেষ হচ্ছে, কিন্তু মৌটুসীর অপেক্ষা যেন আর শেষ হয় না। একদিন ওই ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যান তিনি। তাঁকে না ডাকার কারণ জানতে চান।
ওই কর্মকর্তা বললেন, ‘আপনি তো নাটক করেন। হুট করে একদিন চলে যাবেন। তাই আপনাকে নিলে সমস্যা!’
মৌটুসী বললেন, ‘এরপর আমি ওই ব্যাংকেই ইন্টার্নশিপ করেছি। আমার কাজে মুগ্ধ হন ওই কর্মকর্তা। পরে আমার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করেন। তাঁর পছন্দ করা পাত্র এখন আমার স্বামী। বুঝতেই পারছেন, তাঁর পছন্দেই আমি বিয়ে করেছি।’