এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহির শুরুর গল্প

মাহি
মাহি

মাহির কপাল কত ইঞ্চি? ভাগ্যের বিচারে সেটা বোধ হয় বেশ প্রশস্তই। কারণ, জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রঙ ছবিতে মাহি নয়, থাকার কথা ছিল অন্য কারও। ছবির জন্য নাবিলা ও নিশো নামে দুজন মডেলকে অডিশনের মাধ্যমে চূড়ান্ত করে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ওই দুজনকে নিয়ে কাজ করার ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আবার নতুন নায়িকা খোঁজা শুরু করেন। একসময় পেয়ে যান মাহিকে। গত বছরের ৩১ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ জানান এ তথ্য।

মিস্টার ফিফটি

সজল
সজল

না, সজল রানে নয়, নাটক দিয়েই এ ‘খেতাব’ পেতে চলেছেন। গত কয়েক বছর প্রতি ঈদেই এই অভিনেতার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হয়। দেখা গেছে, প্রতি ঈদেই সজলের অভিনীত নাটকের সংখ্যা ৫০ ছাড়িয়ে যায়। সজল বললেন, ‘কতগুলো নাটক প্রচার হয়, এটা আমার পক্ষে বলা মুশকিল। কারণ, টিভিতে যখন নাটকগুলো প্রচার হয়, তখন বেশ ক্লান্ত থাকি। ঘুম আর বিশ্রামেই দিন পার হয়ে যায়। তবে একবার ঈদে দেখেছি, আমার অভিনীত ৬৭টি নাটক প্রচার হয়েছিল।’

এন্ড্রু কিশোর রাঁধুনি

এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর

যে গাইতে পারে, সে ভালো রাঁধতেও পারে! কথাটা অনেকের জন্য না হলেও এন্ড্রু কিশোরের জন্য শতভাগ সত্য। কারণ, এই শিল্পীর তৈরি টাকি মাছের ভর্তা যে খেয়েছে, সে ‘রাঁধুনি’ এন্ড্রু কিশোরের খাবারের ভক্ত বনে গিয়েছে। বিষয়টি ব্যাখ্যা করলেন এন্ড্রু কিশোর নিজেই, ‘দেশের বাইরে যখন গান গাইতে যাই, তখন প্রবাসীদের বাসায় নিমন্ত্রণে খেতে হয়। আবার অনেক সময় নিজেই রান্নায় নেমে পড়ি। আমার রান্না করা খাবার খেয়ে অনেকেই প্রশংসা করেছেন। তবে টাকি মাছের ভর্তার জন্য বেশি প্রশংসা পেয়েছি।’

গান শুনে ভয় দূর!

পিয়া বিপাশা
পিয়া বিপাশা

জীবনের প্রথম অভিনয়, তার ওপর প্রিয় গায়ক তাহসান সহ-অভিনেতা। উত্তেজনার পারদ যেন আকাশে ঠেকেছে। জীবনের প্রথম অভিনয়ে পিয়া বিপাশার অবস্থা ছিল এমনই। তবে মজার ঘটনা হলো, সেদিন তাহসানের গান আর হাসিঠাট্টায় ওই যাত্রায় পার পেয়ে যান পিয়া। বললেন, ‘ওটা ছিল একটা টেলিছবি। নাম দ্বিতীয় মাত্রা। পরিচালক মাসুদুল হাসান। আমি খুবই নার্ভাস ছিলাম। সেদিন তাহসান ভাই দারুণ সহযোগিতা করেন। শুটিংয়ের ফাঁকে তিনি গান করছিলেন। সেদিন তাঁর গান শুনে আমার ভয় হারিয়ে যায়।’