এক নজরে
গায়িকা জয়া

অভিনেত্রী জয়া আহসান দারুণ গান করেন। তবে তাঁর এই গুণের কথা খুব কম মানুষই জানে। জয়া রবীন্দ্রসংগীত শিখেছিলেন। একসময় ভর্তি হয়েছিলেন গান শেখার স্কুলে। আর তাঁর এই গুণের কিছুটা স্বাক্ষর রেখেছেন চলচ্চিত্রে। নূরুল আলম আতিকের ডুব সাঁতার ছবিতে ‘তোমার খোলা হাওয়া’ গানটি গেয়েছেন তিনি। এ ছাড়া সামুরাই মারুফ পরিচালিত পারলে ঠেকা ছবির ‘জঙ্গলের ডাক’ শিরোনামের গানটিও কিন্তু তাঁরই গাওয়া।
চাবিনা ইয়াচমিন হইবার চায়!

সময়টা বেশ আগের। বন্ধু অভিনেত্রী অঞ্জনা এসেছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের বাসায়। খাওয়াদাওয়া শেষে দুজনে হাঁটতে বের হন বাগানে। অঞ্জনার অনুরোধে সাবিনা নিচু গলায় গান গাইতে শুরু করেন। দেয়ালের ওপাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন পথিক গানটি শুনে মন্তব্য ছুড়লেন, ‘অ্যা, চাবিনা ইয়াচমীন হইবার চায়!’
সাবিনা ইয়াসমিন বলেন, ‘অজানা সেই মানুষটির এই মন্তব্য শুনে আমরা তো হেসেই লুটোপুটি।’
ছদ্মবেশী ফাতেমা তুজ জোহরা

কখনো পাগল, কখনো ক্লান্ত পথিক, কখনো ছেলেদের পোশাক পরে তিনি রাস্তায় বের হন। কোনো নাটক-সিনেমার অভিনেত্রীর কথা নয়, তিনি নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। রক্ত হিম করার মতো এ তথ্য তিনি দিলেন হাসিমুখেই। ছদ্মবেশে তিনি রাস্তায় বহুবার নেমেছেন। কেন? বললেন, ‘পত্রিকায় জনদুর্ভোগের কথা পড়ি। তাই এগুলো কাছ থেকে দেখার জন্য অনেক সময় এভাবে রাস্তায় নেমেছি। হয়তো লাইনে দাঁড়াতে হবে, তখন ছদ্মবেশ নিয়ে নিতাম। তা না হলে আমাকে দেখেই অনেকে রাস্তা করে দিতে পারে। তবে এটা ঠিক, জনগণ সত্যিই খুব কষ্ট করে।’
জানালেন, কলেজে পড়ার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজ করতে গিয়েই এ নেশা তাঁকে পেয়ে বসে।
শুটিং ফাঁকি দিয়ে বিয়ে-বাড়িতে!

শুটিং স্পটের পাশেই বিয়েবাড়ি। হঠাৎ অভিনেতা সজলের মাথায় ভূত চাপল। সহশিল্পী বিদ্যা সিনহা মিমকে বললেন, ‘চল যাই।’ ভদ্রলোকের এক কথা। দুজনে গিয়ে একেবারে বিয়েবাড়িতে উপস্থিত। বিয়ের অনুষ্ঠানে ‘অনাকাঙ্ক্ষিত’ অতিথিকে পেয়ে বর পক্ষ আর কনে পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা। এরপর দুই পক্ষের অনুরোধে সজল আর মিমকে খাবার খেয়ে ফিরতে হয়। মিম বললেন, ‘এদিকে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমরা তো খাবার খাচ্ছি, ওদিকে শুটিং স্পটে ততক্ষণে আমাদের খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছিল।’