এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম না জেনেই বিয়ে!

দীপা খন্দকার
দীপা খন্দকার

বিয়ের আগে বরের পুরো নাম জানতেন না অভিনয়শিল্পী দীপা খন্দকার! বিস্তারিত না জেনেই শুধু একটি গানে মুগ্ধ হয়েই অভিনেতা সুজনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সম্প্রতি মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন দীপা। তিনি জানান, একটি নাটকে অভিনয় করতে গিয়ে তিনি সুজনের কণ্ঠে ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ গানটি শোনেন। সে গান শুনেই সুজনের প্রতি তাঁর ভালো লাগা তৈরি হয়। পরবর্তী সময়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের মধ্যস্থতায় তাঁরা দুজন বিয়ের পিঁড়িতে বসেন।
দীপা বলেন, ‘পরিচয়ের মাত্র নয় দিনের মাথায় আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ের দিন অনেকেই আমাকে সুজনের পুরো নাম জিজ্ঞাসা করেছিলেন। আমি বলতে পারিনি। সুজনের পুরো নাম, পরিচয়, কোথায় পড়াশোনা করেছে, এই সবকিছু জেনেছি বিয়ের পরদিন।’

আহত হওয়ায় গল্প পরিবর্তন

তানজিন তিশা
তানজিন তিশা

কথা ছিল, মা দিবসের একটি নাটকে অভিনয় করবেন তানজিন তিশা। এর মধ্যে দুর্ঘটনায় হাতে মারাত্মক আঘাত পান তিনি। অগত্যা উপায় খুঁজে বের করেন পরিচালক চয়নিকা চৌধুরী। পাল্টে দেন নাটকের গল্প। এবার দেখানো হয় গাড়ি দুর্ঘটনায় হাত ভেঙে গেছে তিশার।
তানজিন তিশা বললেন, ‘নাটকের নাম আপন কথা। আর আমার মায়ের ভূমিকায় ছিলেন রিচি সোলায়মান। আমার হাত ভাঙার কারণে নাটকে সংলাপসহ বেশ কিছু দৃশ্য নতুন করে লেখা হয়। নতুন গল্পের কারণে বেশ ভালো সেবাযত্ন মিলেছিল। বিষয়টা দারুণ উপভোগই করেছি আমি।’