এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে অন্য ‘নিশো’!

আফরান নিশো
আফরান নিশো

অনেক দিন ধরেই অদ্ভুত সমস্যায় আছেন মডেল ও অভিনয়শিল্পী আফরান নিশো। ফেসবুকে আছে নিশোর অন্য একটি ‘সত্তা’। যে কিনা নিশোর হয়ে অন্যদের সঙ্গে ম্যাসেজ চালাচালি করে, পরামর্শ দেন, আবার কখনো চুটিয়ে দেন আড্ডা। বিষয়টি হচ্ছে নিশোর ফেসবুক অ্যাকাউন্ট দখল করেছে কোনো হ্যাকার। কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করে না। নিশো পাসওয়ার্ড পরিবর্তন করলেও আবার হ্যাক করে কার্যক্রম চালাতে থাকে নিশোর হয়ে। নিশো বললেন, ‘আমি ফেসবুকে তাকে ধরার চেষ্টা করেছি। কিন্তু হ্যাকার অন্যভাবে আমাকে বুঝিয়েছে, সে আমার ফেসবুক ব্যবহার করে কোনো ক্ষতি করতে চায় না। শুধু অন্যের মানসিক অবস্থা বুঝতে চায়! বিষয়টি আমি ফেসবুকের ভক্ত ও বন্ধুদের স্ট্যাটাসের মাধ্যমে বেশ কয়েকবার সতর্ক করেছি।’

উপস্থিত ফাঁকিবাজি!

কোনাল
কোনাল

‘কাপড় ভিজে যাওয়ার ভয়ে কাপড় পরলাম না’ এমন কথা দিয়ে গান সাজিয়েছিলেন কোনাল। তবে তা বিপদে পড়েই। ঘটনাটা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার সময়ের। প্রতিযোগী হিসেবে একটি পর্বে কোনাল গাইতে শুরু করেন কণ্ঠশিল্পী রুনা লায়লার জনপ্রিয় একটি গান। একপর্যায়ে ‘কাপড় ভিজে যাওয়ার ভয়ে সাঁতার কাটলাম না’ অংশটি ভুলে যান কোনাল। কিন্তু থেমে গেলে তো বড় বিপদ! তাই তিনি গানের বাক্যটি তৈরি করে নেন। কোনালের ভাষ্য, ‘এ ছাড়া তো উপায় ছিল না। পরে আমরা যাঁরা প্রতিযোগী ছিলাম, সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড় হয়েছিল।’

কনসার্টে ভালোবাসার কথা!

লিজা
লিজা

ঘটনাটি এ বছরের গোড়ার দিকে। সিলেটের এক কনসার্টে গাইতে যান ক্লোজআপ ওয়ান তারকা লিজা। কনসার্টের মাঝে দর্শকেরা কাগজের চিরকুটে লিখে গানের অনুরোধ করবেন সেটাই নিয়ম। মঞ্চে এ রকম একটি কাগজ হাতে পেয়ে তা খুলতেই লিজা অবাক। তাতে লেখা, ‘লিজা আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক সুন্দর। আমি তোমার বিশাল ভক্ত…।’ কিছুটা স্বাভাবিক হতেই লিজা চিরকুটের নিচে ছোট আর একটা বাক্য দেখেন। কী সেটা? লিজা বললেন, ‘চিঠির শেষে লেখা, আমি কিন্তু তোমার মেয়ে ভক্ত!’

বৃষ্টিভেজা গান

পুতুল
পুতুল

২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে ফেনীর মেয়ে পুতুল যান কুমিল্লায়। বিচারক ফাহমিদা নবী। কয়েক দফা গাইলেন। সন্তুষ্টির মাথা ঝাঁকুনিও দেন ফাহমিদা। বললেন, ‘ভালো লাগছে, কিন্তু তোমার গানে কী যেন পাচ্ছি না। পরের বছর আর একবার এসো তুমি।’ এরপর মন খারাপ করে বিদায় নেন পুতুল। বাইরে তখন তুমুল বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষার পর বাবাকে নিয়ে বৃষ্টির মধ্যেই রওনা দেন তিনি। এর মধ্যেই পুতুলকে আবার ডেকে পাঠান ফাহমিদা। বলেন, ‘তুমি অন্য বিচারকের সামনে আর একবার গাও।’ এবার সংগীতশিল্পী অসীত দের সামনে গান করেন পুতুল। পেয়ে যান ‘ইয়েস কার্ড’। পুতুলের কথায়, ‘আসলে সেদিন বোধ হয় আমার গানে বৃষ্টির অভাব হয়েছিল। ফাহমিদা আপা পরে আর না ডাকলে বৃষ্টিতে ভেজা অবস্থায় গাওয়া হতো না। মূল প্রতিযোগিতায়ও আসা হতো না।’