এক নজরে

অন্যকে নকল!
বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার মঞ্চে প্রথম উঠেছিলেন ডাক্তার আবদুল্লাহর কারখানা নাটকের জন্য। তাঁকে বেশ বুঝিয়ে-শুনিয়ে মঞ্চে উঠিয়েছিলেন তাঁর বড় ভাই নাট্যকার ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী। আর অনুপ্রেরণা হিসেবে বলেছিলেন, ‘তুই তো অন্যকে অনুকরণ করতে পারিস। সমস্যা হবে না।’
হ্যাঁ, ফেরদৌসী মজুমদারের কিন্তু এই গুণটি আছে। তিনি সহজেই অন্যের আচরণ নকল করতে পারেন। ফেরদৌসী মজুমদার বললেন, ‘ভাইয়া কথাটা বলেছিলেন কারণ বাসায় সবাইকে আমি অনুকরণ করে দেখাতে পারতাম।’

দুর্ঘটনার পর সেলফি!
আরিফিন শুভর গাড়িটি সম্প্রতি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু এরপর যা হলো, তা বলতে গিয়ে শুভ নিজেই থেমে গেলেন। দুর্ঘটনার পর সেলফি-শিকারিদের কবলে পড়েন তিনি! বললেন, ‘দুর্ঘটনাটি ঘটেছিল পল্টন এলাকায়। একই পথে অবৈধভাবে উল্টো দিক থেকে আসা একটা বাসের সঙ্গে। দুর্ঘটনার পর আশপাশের অনেকেই সহযোগিতা করতে এগিয়ে আসে। আমার কিছু হয়নি, এমনটা জানার পর অনেকেই আবদার করে আমার সঙ্গে সেলফি তোলার জন্য। একদিকে পুলিশ ক্রেন দিয়ে আমার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে সবার অনুরোধও মেটাতে হয়েছে। এমন সেলফির সংখ্যা ছিল প্রায় অর্ধশত।’

মুখ ঢেকে ক্যাম্পাসে!
ক্যাম্পাসে গেলেই হইচই বেঁধে যাওয়ার জোগাড় হতো। অনেক ভাবনার পর একটা উপায় বের হলো। মুখ ঢাকতে হবে। নিজেকে আড়াল করতে পারলে আর এ সমস্যা হবে না। তা-ই করলেন অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া। স্কার্ফ দিয়ে বোরকার আদলে মুখ ঢেকে ক্যাম্পাসে গেলেন। ফল একেবারে হাতেনাতে। তাঁকে কেউ চিনতে পারেনি। এভাবেই তিনি নিয়মিত ক্লাস করতেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)। এই বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ছাত্রী স্পর্শিয়া। বললেন, ‘অন্যদের চোখে পড়লে একটু বিব্রত হই, তাই এমনটা করতে হয়েছে।’

কাঁধে তুলে আছাড়!
২০-২২টা চড় তো এখন মামুলি ব্যাপার। কিন্তু কাঁধে তুলে আছাড়! তা-ও আবার টানা নয়বার! মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘এখানেই ডটকম’ বিজ্ঞাপনচিত্রে এমনটিই নাকি ঘটেছিল। খল চরিত্রে ছিলেন ইরেশ যাকের আর সঙ্গে ছিলেন মারিয়া নূর। তাঁকে অপহরণ করে স্পিডবোটে তোলার কথা ইরেশের। কথামতো মারিয়াকে কাঁধে তুলে স্পিডবোটে এনে ফেলে দেন ইরেশ। দৃশ্য তো এমন নয়। তাই আবার করো। এভাবে টানা নয়বার কাঁধ থেকে স্পিডবোটে ফেলা হয় মারিয়াকে। দেখে মনে হয় যেন মারিয়াকে কাঁধে তুলে আছাড় দিচ্ছেন ইরেশ।
মারিয়া বলেন, ‘আমি তখন বুঝেছিলাম ইরেশ ভাইয়ের হাত আর কবজিতে কী জোর! আমাকে একেবারে শক্ত পাটাতনে বারবার ফেলা হয়েছিল। একদিকে গায়ের ব্যথায় অস্থির, অন্যদিকে মুখে হাসি রেখে অভিনয় করতে হয়েছে!’