এক নজরে
শিল্পীর সঙ্গে সারাটা জীবন!

অভিনয়শিল্পী মিথিলার সঙ্গে ঘর-সংসার করছেন সংগীতশিল্পী তাহসান। জীবনের আরও কয়েকটি মুহূর্তে সঙ্গে পেয়েছেন শিল্পীদের। হয়তো কাকতালীয় বা পরিবেশটাই ছিল এমন। তেমনটাই জানালেন তাহসান। ছাত্রজীবনে একসঙ্গে পড়াশোনা করতেন তাহসান ও আর্টসেল ব্যান্ডের লিংকন। একই বেঞ্চে পাশাপাশি বসতেন তাঁরা। এমনকি পঞ্চম শ্রেণিতে তাঁদের রোল নম্বর ছিল ১৫ ও ১৬। সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে পড়তেন তাঁরা। বাংলাদেশ শিশু একাডেমীতে একই সঙ্গে গানের তালিম নিয়েছেন তাহসান ও কণ্ঠশিল্পী আনিলা। তখন বাংলাদেশ শিশু একাডেমীর মঞ্চে একসঙ্গে গান গেয়েছেন। তবে সবচেয়ে মজার খবরটি হলো, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ আর তাহসান একই হাসপাতালে জন্মগ্রহণ করেন। ব্যবধান মাত্র তিন দিন। কাছাকাছি সময়ে তাঁরা সুরাইয়া জেবিন ক্লিনিকে অবস্থান করেছেন। তাহসানের মত, ‘এগুলো হয়তো কাকতালীয়।’
বিয়ের প্রমাণ!

বছর পাঁচেক আগে বাংলাভিশনে ‘মিউজিক টুগেদার’ অনুষ্ঠান উপস্থাপনা করতেন নাবিলা ও আরজে নীরব। একদিন নাবিলা আসেননি। ফোনে এক দর্শক এর কারণ জানতে চান। আচমকা নীরব বলেন, ‘নাবিলার বিয়ে। তাই সে আসবে না।’ এরপর তো রীতিমতো ‘আমার বিয়ে হয়নি’-বিষয়ক প্রমাণ দিতে হয়েছে নাবিলাকে। কীভাবে? নাবিলা বললেন, ‘এরপর ফোনের পর ফোন। সবাই জানাতে চায় আমার আসলেই বিয়ে হয়েছে কি না! লাইভ অনুষ্ঠানে গেলে তো আরও বিপদ। এরপর দর্শকদের আমি বুঝিয়েছি, আমার বিয়ে হলে তো হানিমুন, কিংবা ছুটিতে থাকতাম। এখন যেহেতু নিয়মিত পর্দায় আসছি, তাই আমার বিয়ে হয়নি। প্রমাণিত।’

ডাকটিকিট সংগ্রহ
ছোটবেলায় ডাকটিকিট নিয়ে বন্ধুদের সঙ্গে বিনিময় করতেন। বিদেশ থেকে কারও বাসায় চিঠি এলে চলে যেতেন সেখানে। আবদার থাকত, ডাকটিকিটটি তার চাই-ই চাই। আর একই ডাকটিকিট বেশি থাকলে বন্ধুদের সঙ্গে বিনিময় তো চলতই। আর এভাবে ১৫০টি দেশের ডাকটিকিট সংগ্রহ করেন নিরব। তবে এখন বললেন, ‘আমার সবুজ রঙের একটি অ্যালবাম আছে। সেখানে ১২৫টি দেশের স্ট্যাম্প আছে। বাকিগুলো হারিয়ে গেছে।’