এক নজরে

ফেসবুকের জন্য উপস্থাপনা!
নিজেই গান গাইছেন, অনুষ্ঠানের বর্ণনা দিচ্ছেন আবার সংগীতশিল্পীদের সাক্ষাৎকার নিচ্ছেন; এ তো বিশাল কাজ। কিন্তু এ কাজটি হাসিমুখে করছেন হৃদয় খান! গান করেন মঞ্চে আর বাকি দুটি কাজ করেন মঞ্চের বাইরে। জানা গেল, কাজটি নাকি তিনি প্রায়ই করেন। সম্প্রতি হৃদয় খান গান করেছেন যুক্তরাষ্ট্রে। গান গাওয়া শেষে দেখা গেল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি অনুষ্ঠানের বর্ণনা দিচ্ছেন। পাশাপাশি তিনি ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদসহ আরও অনেকের সাক্ষাৎকার নিয়েছেন। এ কাজগুলো তিনি কেন করছেন? হৃদয় জানালেন, কাজটি তিনি করছেন তাঁর ফেসবুকের ভক্তদের জন্য। ফেসবুকে নিজের পেজে নিয়মিতই ভিডিও দেন তিনি।

স্বামী, আপনি কেমন আছেন!
২০১২ সালে বিয়ে করেন মডেল হাসিন। চলতি বছরের জুলাই মাসে বিয়ের তিন বছর পূর্ণ হলো তাঁদের। ফেসবুকে প্রায়ই স্বামীর সঙ্গে বেড়ানো আর হাসি-আনন্দের ছবি পোস্ট করেন। বিভিন্ন সাক্ষাৎকারে হাসিন জানিয়েছেন, তাঁর সেরা বন্ধু স্বামী ঝলক। তবে একটা জায়গায় হাসিন আটকে গেছেন। তিন বছর কাটালে এখন তিনি ঝলককে ‘তুমি’ সম্বোধন করতে পারেননি। ‘আপনি’তেই চালিয়ে নেন কথাবার্তা। এ ব্যাপারে হাসিন বললেন, ‘ঝলক আমাকে তুমিই সম্বোধন করে। কিন্তু এখনো প্রথম দিনের মতো আমি তাঁকে আপনি বলেই সম্বোধন করি। ভবিষ্যতেও বোধ হয় এভাবেই চলতে থাকবে।’