এক নজরে

রুহীর দরজি জীবন!
রাম্পে হাঁটতে হয়, ফ্যাশনে অংশ নিতে হয়, অভিনয়ও করছেন। আর এসব কাজের জন্য যে পোশাকগুলো দরকার, তার বেশির ভাগ রুহী নিজেই তৈরি করেন। কাপড় কেনা থেকে শুরু, এরপর সেলাইয়ের শেষ ফোঁড় পর্যন্ত সব কাজই নিজের হাতে করেন। তাঁর বাসায় আছে নয়টি সেলাইমেশিন! ছয়টি তাঁর ঢাকার বাসায় আর তিনটি লন্ডনে! ডিজাইন অনুযায়ী মেশিনের ধরনও আলাদা। বললেন, ‘সেলাইয়ের কাজ শিখেছিলাম সেই ছোটবেলায়। এরপর ব্যস্ততা বেশি না থাকলে সব পোশাক নিজেই তৈরি করি। হাত-মেশিন, পা-মেশিন, অটোমেশিন এমনকি ব্যাগে বহনযোগ্য ছোট সেলাইমেশিনও আছে আমার। পোশাক তৈরির কাজ আমি দারুণ উপভোগ করি।’

গান থেকে অনুপ্রেরণা!
শুটিং স্পটে প্রায়ই দেখা যায়, কানে ইয়ারফোন গুঁজে ইমন চুপচাপ বসে আছেন। মন দিয়ে কী যেন শুনছেন। যখন ডাক পড়ে, তখন ইয়ারফোন খুলে রেখে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ান। ইয়ারফোন কানে দিয়ে ইমন সময় পেলেই কী শোনে এমন প্রশ্ন কিন্তু ইমনের সঙ্গে যাঁরা কাজ করেন, সবার মনেই তৈরি হয়। রহস্য আরও ঘনীভূত হয়, যখন দেখা যায়, অল্পতেই শট ‘ওকে’ হয়ে গেছে!
রহস্যটা কী? ইমন জানান, তিনি গান থেকে অনুপ্রেরণা পান। বললেন, ‘এটা বেশি করি, যখন বিরহ কিংবা রোমান্টিক দৃশ্য থাকে। বিরহের দৃশ্যের কাজ করব, তখন বিচ্ছেদের গান শুনি। মন কষ্টে ভরে যায়। শট দিতে খুব সুবিধা হয়। রোমান্টিক গানের সময় শুনি খুব রোমান্টিক গান।’
আর মারপিটের দৃশ্যে? ইমন বললেন, ‘তখন বিভিন্ন দেশের অ্যাকশন তারকাদের ছবির মারপিটের দৃশ্য ইউটিউবে দেখে নিই।’

খুদে দর্শকের পাল্লায়
কর্নিয়া একবার গান গাইতে যান কুমিল্লায়। তাঁর গান শুনে পাঁচ-ছয় বছর বয়সের এক ভক্ত তার বাবাকে নিয়ে কর্নিয়ার সঙ্গে দেখা করতে আসে। কর্নিয়া তখন এই শিশুকে কোলে নেন, তার হাতে অটোগ্রাফ দেন। এখানেই শেষ নয়, কর্নিয়া যত দিন কুমিল্লায় ছিলেন, তত দিন এই শিশু তার বাবাকে নিয়ে কর্নিয়ার সঙ্গে দেখা করেছে। আর শিশুর নানা আবদার পূরণ করতে হয়েছে কর্নিয়াকে। এরপর ঢাকায় ফিরে আসেন কর্নিয়া।
কর্নিয়ার মুঠোফোনে প্রায়ই ফোন করে শিশুটি। একদিন টিভির এক অনুষ্ঠানে ফোন দিয়ে বলে, ‘আমি কুমিল্লা থেকে বলছি। তুমি কেমন আছো।’
খুদে এই ভক্তকে নিয়ে কর্নিয়া বলেন, ‘বাচ্চাটি কিন্তু খুব মজার।’