এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকী আখান্দ
লাকী আখান্দ

মায়ের কাছ থেকে সম্মানী
গান লিখে সাধারণত প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মানী নেওয়ার রীতি আছে। তবে এর ব্যতিক্রমী একটি ঘটনা শোনালেন সুরকার, সংগীত পরিচালক, সংগীতশিল্পী লাকী আখান্দ। তিনি নাকি সম্মানী পেয়েছিলেন মায়ের কাছ থেকে। আর এর অঙ্কটা ছিল ২০ হাজার। এক টিভি আড্ডায় লাকী আখান্দ্ বলেন, ‘মা অনেক আগে থেকেই বলতেন, শাস্ত্রীয় ধরনের অন্তত একটা হলেও গান তৈরি করতে। কিন্তু সেটা অনেক দিন করা হয়নি। পরে “তুমি কে বল না” শিরোনামে একটি গান তৈরি করি। মা খুশি হয়ে এই টাকাটা দিয়েছিলেন। আমি তো অবাক। কারণ চাইলে মা তো এক হাজার টাকাই দিতে চান না। অথচ ২০ হাজার টাকা বিনা বাক্যেই দিয়ে দিলেন!’

সাবিনা ইয়াস​িমন
সাবিনা ইয়াস​িমন

অভিনয়শিল্পী সাবিনা ইয়াসিমন!
সংগীতশিল্পী সাবিনা ইয়াসিমন অভিনয় করেছিলেন! এ আবার কবে হলো? এমন প্রশ্ন আপনার মনে হতেই পারে। কিন্তু ঘটনা সত্যি। চলচ্চিত্রে শুধু গান গাওয়াই নয়, চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেছেন।
সাবিনা বললেন, ‘একদিন বিএফডিসিতে গানের রেকর্ডিং হচ্ছে, হঠাৎ একজন এসে বলল, “আপা আপনাকে গাজী ভাই (গাজী মাজহারুল ইসলাম) ডাকছেন।” আমি শুটিংয়ের ফ্লোরে যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে মেকআপ করা শুরু হলো। গাজী ভাই বললেন, একটি গানের সঙ্গে শুধু পিয়ানোটা বাজিয়ে দিতে হবে। হাতটা দেখা যাবে। তাঁর অনুরোধে সেদিন আমাকে কাজটি করতে হয়েছিল।’
ছবির নাম মনের মতো বউ। পাঠক বুঝতেই পারছেন, এ ছবিতে ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’ গানটিতে অভিনয় করেছে সাবিনা ইয়াসমীনের হাত দুটি!

নিপুণ
নিপুণ

স্বামীর গুজবে প্রেম হ্রাস!
চিত্রনায়িকা নিপুণ পড়াশোনা করেছেন রাশিয়ায়। তখন ওই দেশে ছিলেন নিপুণের দুলাভাই। সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে তিনি নিপুণকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে যান। শুরুতেই ছিল রুশ ভাষা শিক্ষা ক্লাস। বাইরে শ্যালিকার জন্য অপেক্ষা করছেন দুলাভাই। এমনটি প্রায়ই হয়েছে। ভাষা শিক্ষার শেষ ক্লাসের দিন দুলাভাই আর ক্যাম্পাসে যাননি। শিক্ষক সেদিনই নিপুণকে জিজ্ঞেস করেন, তোমার স্বামী আজ আসেননি?
নিপুণের চোখেমুখে তখন প্রশ্নবোধক চিহ্ন। নিপুণ জানতে চান, তাঁর স্বামী কে?
শিক্ষক বললেন, যে তার জন্য প্রায়ই বাইরে অপেক্ষা করেন, সেই তো একদিন এমনটা বলেছেন।
নিপুণ বলেন, ‘আসলে দুলাভাইকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, তিনি আমার স্বামী কি না? দুলাভাইও মজা করে হ্যাঁ বলেছিলেন। আর আমি ফেঁসে যাই। এরপর ক্যাম্পাসে তথ্যটি দ্রুত প্রতিষ্ঠিত হয়। আর এ কারণেই বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রেমের প্রস্তাব তেমন পাইনি!’