এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেমা তুজ্ জোহরা
ফাতেমা তুজ্ জোহরা

শুধুই সাদা
নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ্ জোহরা পোশাকের ব্যাপারে খুব সচেতন। গানের সঙ্গে মানানসই রঙের পরিপাটি পোশাকেই বেশি দেখা যায় তাঁকে। কিন্তু মজার খবর হলো, একসময় এই শিল্পী নাকি মঞ্চে কিংবা টিভিতে গান গাওয়ার সময় বর্ণিল কোনো পোশাক পছন্দ করতেন না! বেছে নিতেন ধবধবে সাদা জামা। ছোটবেলা থেকে শুরু করে ১৯৭৭ সাল পর্যন্ত বেশির ভাগ অনুষ্ঠানেই এভাবে দেখা গেছে তাঁকে।
ফাতেমা তুজ্ জোহরা বললেন, ‘আমি বিশ্বাস করি, গানের সঙ্গে পবিত্রতা যুক্ত হয়ে আছে। আর সাদা রং শুদ্ধতার প্রতীক। আমার ভাবনায় এ দুটো ব্যাপারই ছিল। তবে বিটিভির একটি অনুষ্ঠানের রেকর্ডিংয়ের সময় আমাকে জানানো হয়, ভালো দৃশ্য ধারণের জন্য বর্ণিল পোশাক প্রয়োজন। এরপর আমি অনুষ্ঠানের পোশাক নির্বাচনের ক্ষেত্রে নিজের ভাবনার কিছুটা পরিবর্তন করেছি।’

অর্ণব
অর্ণব

ডিজাইনার অর্ণব
অনেকের কাছেই অর্ণব সংগীতশিল্পী। অর্ণব কিন্তু নানা ধরনের কাজ করেন। পড়াশোনা করেছেন চিত্রকলায়। আঁকাআঁকি করেন। নিজের অ্যালবামের প্রচ্ছদ নিজেই এঁকেছেন। বাজারে অর্ণবের ডিজাইন করা পোশাকও আছে। দুই শতাধিক টি-শার্টের ডিজাইন করেছেন। সেগুলো বিক্রি হয়েছে আড়ংসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে। জানা গেল, ২০১২ সালে তিনি জুতার ডিজাইন করেছেন।
অর্ণব বললেন, ‘বেশ কিছু টি-শার্ট বিক্রি হয়েছিল ওই সময়। আর জুতাগুলো এখনো বাজারে আসেনি। ব্যস্ততার কারণে জুতার নকশার কিছু কাজ এখনো শেষ করতে পারিনি। এখন এ কাজটি এগিয়ে নেব।’

হাসিন
হাসিন

দাওয়াত দিয়ে উধাও!
ঈদের সময় নানা ব্যস্ততা। গত বছর ঈদে শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয়কে দাওয়াত দিয়েছেন হাসিন। কিন্তু বিষয়টি নাকি তিনি ভুলেই গিয়েছিলেন। তিনি তখন উল্টো দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জে। ঘটনাটি মনে পড়ল, যখন সেই আমন্ত্রিত অতিথিরা তাঁকে ফোন দেন। বাকি অংশ শোনা যাক হাসিনের কাছে, ‘আমার তো একদমই মনে ছিল না। ফোন দিয়ে এক আত্মীয় বললেন, আমরা তাহলে বিকেলে আসছি। তখন নারায়ণগঞ্জ থেকে দ্রুত ঢাকার বাসায় চলে আসি। বাসায় ফিরেই রান্না শুরু করি।’