এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপি করিম
অপি করিম

বাচিকশিল্পী
গান, নাচ, উপস্থাপনা কিংবা চাকরি—সবকিছু সামলে চলেন অভিনেত্রী অপি করিম। মোস্তফা সরয়ার ফারুকীর পিঁপড়াবিদ্যা ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর। পিঁপড়াবিদ্যার নায়িকা ভারতীয় মডেল ও উপস্থাপক শিনা চৌহানের কণ্ঠটি ছবিতে তিনিই দিয়েছিলেন। এখানেই শেষ নয়। এ বছর রোজার ঈদে তিনি ছিলেন অডিও অ্যালবামে। আর তা বাচিকশিল্পী হিসেবে। আসিফ ইকবালের কথায় চলো অন্তহীন অ্যালবামে সামিনা চৌধুরীর গাওয়া গানের সঙ্গে নেপথ্য কণ্ঠ দিয়েছেন অপি। গানটির শিরোনাম ‘এসো আজ তুমি’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত।

সালমা
সালমা

স্বপ্নপূরণ
কণ্ঠশিল্পী সালমার বয়স তখন নয়। চাচা আর বড় ভাইয়ের হাত ধরে গিয়েছিলেন কুষ্টিয়ায় লালনের আখড়ায়। লালন সাঁইর মৃত্যুবার্ষিকীতে বিশাল আয়োজন হয়েছে। এখানে গান গাওয়ার ইচ্ছা ছিল সালমার। কিন্তু ইচ্ছা পূরণ হলো না। সেদিন বরেণ্য সব বাউলদের পাশে বসতে পারেননি সালমা। বাড়ি ফেরার পর রাতে অনেক কেঁদেছেন। সালমা বললেন, ‘সেদিন অনেকেই বলেছিলেন, আমি এত ছোট, আমি আবার কী গান করব? খুব কষ্ট পেয়েছিলাম। আখড়া থেকে বাসায় ফিরে আসার সময় আমি আর কান্না চেপে রাখতে পারিনি।’ তবে চার বছর পর চিত্রটা পুরোপুরি পাল্টে যায়। একই মঞ্চে দাঁড়িয়ে গান করেন সালমা। আর সেদিন গান গাওয়ার জন্য তাঁকে আলাদা করে আমন্ত্রণ জানান আয়োজকেরা। সালমা বলেন, ‘তখনো আমি কিন্তু ছোট। বয়স ছিল ১৩ বছর। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কারণ তখন ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি আমি।’

বাপ্পি
বাপ্পি

সিনেমার চেয়েও দুর্ধর্ষ
ঘোড়াশাল রেলসেতুর ওপর প্রেম প্রেম পাগলামি ছবির শুটিং হচ্ছে। সেতুর মাঝখানে দাঁড়িয়ে ছবির নায়ক বাপ্পি। হঠাৎ একটি আন্তনগর ট্রেন ছুটে আসে। দৌড়ে সেতুর এক পাশে আসার উপায় নেই বাপ্পির। আবার অনেক নিচে পাকা রাস্তা। নিচে লাফ দিলে নির্ঘাত মৃত্যু! সেতুর অপর প্রান্তে শুটিং ইউনিটের সবাই আতঙ্কিত! ২৫ বগির এই ট্রেনের সেতু পার হতে সময় লেগেছে অনেকটা সময়। ট্রেন পার হওয়ার পর সবাই তাকিয়ে দেখেন বাপ্পি সেতুতে নেই। তাহলে কী ঘটল! পরে বাপ্পি বললেন, ‘যখন ট্রেন কাছে চলে আসে, তখন আমি দ্রুত রেললাইনের পাটাতন ধরে ঝুলে পড়ি। সে অল্প সময় যেন আর শেষ হয় না। ওই মুহূর্তে আমি যেন কোথা থেকে ঝুলে থাকার শক্তি পেয়েছিলাম। ট্রেনের বগিগুলো চলে যাওয়ার পর সবাই যখন আমাকে টেনে তোলেন, তখন আমার হাতে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না।’