এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছে যখন ঢাকি হওয়া

কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের শৈশব কেটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে দুর্গাপূজার নানা আয়োজন হতো। পূজার সময় ঢাক বাজানোর জন্য ঢাকিকে ভাড়া করে নিয়ে আসা হতো। আর ঢাকি আসার পর তাঁর খুব কাছাকাছি থাকতেন ছোট্ট বিশ্বজিৎ। যে কয়দিন ঢাকি থাকতেন, তাঁর সঙ্গে বিশ্বজিতের থাকা চাই-ই। পূজামণ্ডপে তো বটেই, রাতেও ঢাকির সঙ্গে গিয়ে শুয়ে থাকতেন বিশ্বজিৎ। পরিবারের সবাই বিশ্বজিতের এ কর্মকাণ্ডে খুব বিরক্ত। বাসার ভেতরে নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলো, ‘সমস্যা কী?’
ছোট্ট বিশ্বজিতের জবাব, ‘আমি ঢাকি হতে চাই।’
শুধু ছোটবেলায় নয়, বড় হয়েও ঢাকির প্রতি ভালোবাসায় রাখঢাক রাখেননি। জানালেন, নিজের গানের সঙ্গে নাকি তিনি নিজেই ঢাক বাজান। এমনটা দেখা গেছে তাঁর মিউজিক ভিডিওতে। এমনকি নারায়ণগঞ্জ থেকে অর্ডার দিয়ে বিশাল আকারের একটি ঢাক তৈরি করে বাসায় এনে রেখেছেন। অবসরে ইচ্ছা হলেই ঢাকা বাজান।

পূজায় ‘নিল ডাউন’

মৌসুমী নাগ
মৌসুমী নাগ

মৌসুমী নাগ তখন ভারতেশ্বরী হোমস হোস্টেলে থাকেন। বেশ কড়াকড়ি। হোস্টেলের চৌহদ্দির বাইরে যাওয়া মানা। শুধু পূজার সময় এই আদেশ যা একটু শিথিল হয়। মন্দির হয়ে আবার হোস্টেলে ফিরে আসা। কিন্তু এটুকু পথে যাওয়া-আসার সময় অন্য এক পরিকল্পনা করলেন মৌসুমী ও তাঁর তিন বন্ধু। হোস্টেল থেকে বের হয়ে তাঁরা বাইরে ঘোরাঘুরি করেছেন। হোস্টেলের সুপারের হাত থেকে বাঁচার জন্য কিছু অজুহাতও তৈরি করেছেন। তবে শেষ রক্ষা আর হলো না। হোস্টেলে ফিরে আসার পরই তাঁদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। কী সেই শাস্তি? একেবারে ‘নিল ডাউন’। পূজার উৎসবের সময় কান ধরে হাঁটু গেড়ে বসে থাকতে হলো অনেকটা সময়। মৌসুমী বলেন, ‘হোস্টেলের নিয়মকানুন খুব কড়া ছিল!’ আলম বিশ্বাস