এক নজরে
১৮ মাসে ২০০ পাউন্ড ওজন বিদায়!

যাঁরা অর্থহীন ব্যান্ডের গায়ক সুমনের গিটারবাদনের ভক্ত, তাঁরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারেন সুমনের একনিষ্ঠতা। তবে শুধু গিটারেই নয়, যেকোনো কাজে এই গুণটি আছে তাঁর। সম্প্রতি সুমন জানান, ১৬ বছর বয়সে তিনি যখন ফিলিংস ব্যান্ডে গিটারবাদক হিসেবে যুক্ত ছিলেন, তখন তাঁর ওজন ছিল ৩৮৪ পাউন্ড! আর কোমরও কম নয়, ৫০ ইঞ্চি! কিন্তু মাত্র ১৮ মাসে ঘাম ঝরিয়ে ফেলেন ২০০ পাউন্ড ওজন। কীভাবে?
সুমন বললেন, ‘কোনো অস্ত্রোপচার ছাড়াই হয়েছিল। শুধু পরিশ্রম করে। একদিন আমি ঠিক করলাম, ওজন কমাতে হবে। ব্যস, এভাবেই শুরু। দিনে চার ঘণ্টা বিরতিহীন ব্যায়াম করতাম। আর খাবার প্রায় ছেড়েই দিয়েছিলাম। প্রয়োজনীয় কিছু খাদ্য উপাদান খেতাম। এর বেশি নয়!’
বাস্তবের ঘটনা পর্দায়

হয়েছিল দুর্ঘটনা। কিন্তু পরিচালক অশোক পাতিল তা যুক্ত করেছেন ছবিতে। ঘটনাটি যুক্তরাজ্যের কার্ডিফে আশিকি ছবির শুটিং সেটের। ছবির নায়িকা নুসরাত ফারিয়া জানান, তা ছবির দৃশ্য বলে পর্দায় দেখানো হয়েছে। চিত্রনাট্যে আছে ছবির নায়ক অঙ্কুশ ও ফারিয়া দ্রুত গাড়ি চালিয়ে এসে থামবেন। এরপর গাড়ি থেকে নেমে অঙ্কুশ ভিলেনের সঙ্গে মারামারি করবেন। অঙ্কুশ তা-ই করেছেন। কিন্তু গাড়ি থেকে নামার সময় হ্যান্ড ব্রেক লক করতে ভুলে গেছেন। ফলে পেছনের ঢালু রাস্তা দিয়ে গাড়ি উল্টো দিকে নামতে শুরু করে। গাড়ির ভেতরে তখন ফারিয়া। তিনি আতঙ্কে জমে একশেষ। কিছু দূর নামার পর ইউনিটের লোকজন এসে গাড়ি থামান।
ফারিয়া বলেন, ‘তখন ক্যামেরা চলছিল। আর চিত্রনাট্যে না থাকলেও দৃশ্যটাও ছবিতে রাখা হয়েছে। এতে ইউনিটের সবাই মজা পেলেও আমার তো তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়।’