এক নজরে
মাছ ব্যবসায়ী

রাজিব ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার শিল্পী। আপন মনে গান গাইতে গাইতে পুকুরপাড়ে যাচ্ছেন। হাতে বড় থালা। দাঁড়ালেন পুকুরপাড়ে। গানের স্থায়ী অংশের পর অন্তরাটুকু শেষ করেই থালাভর্তি মাছের খাবার ছিটিয়ে দেন পুকুরে। আবারও গান ধরলেন। না, কল্পনার কোনো দৃশ্য নয়। রাজিবকে এভাবে দেখলে অবাক হওয়ার কিছু নেই। কারণ রাজিব এখন মৎস্যচাষি, আবার তিনি মৎস্য ব্যবসায়ী। মাস ছয়েক আগে থেকে তিনি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। নিজ এলাকা জামালপুরে দুই একর আয়তনের পুকুরে চলছে তাঁর মাছের চাষ। রাজিব বললেন, ‘ছয় মাস ধরে কাজটি করছি। প্রতি সপ্তাহে জামালপুর যাই। মাছ চাষ আর মাছ ব্যবসায় এতটুকু হেলাফেলা করার উপায় নেই। বড় পুকুরের পাশে এবার ছোট একটি পুকুর তৈরি করেছি। তাতে মাছের পোনা চাষ করব। ফলে প্রকল্পটি আরও স্বয়ংসম্পূর্ণ হবে।’
নাড়ু সংগ্রহকারী!

পূজার সময় অভিযানে নামতেন অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। বোন সমাপ্তিও সঙ্গী হতেন জ্যোতির। তাঁরা বাসায় বাসায় বেড়াতে যেতেন। আর মুখে দু–একটা নাড়ু দেন বা না দেন, বাকিটা জামার পকেটে পুরে নিতেন। বাসায় এসে মিলিয়ে দেখতেন কে কতগুলো নাড়ু আনতে পেরেছেন। এ তো গেল লক্ষ্মীপূজার কথা। আর দুর্গাপূজায় তাঁরা এই কাণ্ড করতেন নিজ বাড়িতেই। যদি হাতের কাছে নাড়ু না পেতেন, তার বদলে পায়েস সাবাড় করে দিতেন। জ্যোতি বলেন, ‘আমরা দুবোনই তখন বেশ ছোট ছিলাম। লক্ষ্মীপূজায় নাড়ু পকেটে করে বাসায় নিয়ে আসতাম। আর দুর্গাপূজায় মাকে ভড়কে দিতে এ কাজটি করতাম।’