এক নজরে
গায়ক রুবেল

রুবেল মারকুটে নায়ক। মার্শাল আর্ট কিংবা ফুটবল খেলোয়াড় হিসেবেও খ্যাতি আছে তাঁর। রুবেলের আরও একটা পরিচয় আছে। তিনি চলচ্চিত্রে অভিনয়ের আগে গান গেয়েছিলেন! চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল প্লেব্যাক গায়ক হিসেবে। তখন পরপর কয়েকটি ছবিতে গান গেয়েছেন তিনি। তার বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য স্টুডিওতে এসে দীর্ঘ সময় গানের চর্চা করেছেন। প্রথম তিনি প্লেব্যাক করেন জীবন নৌকা ছবিতে। সম্প্রতি টিভির একটি অনুষ্ঠানে রুবেল বলেন, ‘আমার তখন সাড়ে চার বছর বয়স। শুরু হয়েছিল শাস্ত্রীয় সংগীত দিয়ে। বড় হওয়ার পরও এই চর্চা অব্যাহত ছিল। কলেজ-বিশ্ববিদ্যালয় আর বন্ধুদের মাঝে গায়ক হিসেবে আমার বেশ নাম ছিল। একদিন ভাইয়া (সোহেল রানা) মাকে বললেন, “ওকে (রুবেল) বলবেন, আমার নতুন ছবিতে যেন গান গায়।” এরপর সুযোগ পেয়ে যাই চলচ্চিত্রে। এভাবেই শুরু।’
বাবার বকুনি আর মায়ের আদর

কিশোর দাসের বেড়ে ওঠা চট্টগ্রামের সীতাকুণ্ডে। এলাকায় বন্ধুদের মধ্যে বেশ কদর তাঁর। একবার তো বন্ধুদের সঙ্গে বিশাল এক কাণ্ড করে বসলেন। পূজামণ্ডপে ঘুরতে ঘুরতে রাত পার করে দিলেন। পরদিন বাসায় ফেরার পালা। দরজার সামনে পেলেন বাবাকে। পাশেই মা। সবাই দুশ্চিন্তায় একশেষ। শুরু হলো বাবার বকুনি। বেশ কিছু কথা শুনিয়ে দিলেন ছেলেকে। এবার মায়ের পালা। কিশোর বকুনি খাওয়ার জন্য সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু না। মা দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, রাতে ঠিকমতো খেয়েছে কি না, কী খেয়েছে ইত্যাদি। দোষ করে এসেও একদিকে বাবার শাসন অন্যদিকে মায়ের ভালোবাসা। আর কিশোর বললেন, ‘অনেক আদরের ছেলে তো আমি, তাই!’
চোখ যখন কপালে
অভিনব এক চুক্তি! মৌখিক চুক্তি। ছবির নায়ক-নায়িকা কেউ কারও চোখে চোখ রাখবেন না! একে অপরের কপালের দিকে তাকিয়ে কথা বলবেন। এ চুক্তি পিয়া বিপাশা ও জায়েদ খানের। তাঁরা কিছুতেই চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। কেন? পিয়া বললেন, ‘কারণ রোমান্টিক দৃশ্য আর আমার পেট ভর্তি হাসি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই হেসে ফেলছি।’ পিয়া বিপাশা ও জায়েদ খান দুজন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। রকিবুল আলম পরিচালিত এ ছবির নাম মনের রাজা। সম্প্রতি একটি গানের দৃশ্যায়নের সময় এ চুক্তি করেন তাঁরা! আর হাসি থামাতে এভাবেই এখন চলছে ছবির কাজ।