এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনন্ত জলিলের রুটিন

অনন্ত জলিল
অনন্ত জলিল

‘অসম্ভবকে যিনি সম্ভব করেন, তিনি অনন্ত জলিল,’ চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে একটি জনপ্রিয় উক্তি। আপনি ভাবছেন, তাঁর প্রতিদিনের জীবন নিশ্চয়ই অন্য রকম। অনন্ত জলিল জানান, তিনি শতভাগ বাঙালি। আর দশজন বাঙালির মতো তাঁর জীবনযাপন। দেশ টিভির এক অনুষ্ঠানে তিনি জানান, রাত সাড়ে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সকালে ফজরের নামাজ পড়ার মধ্য দিয়ে দিন শুরু করেন। গজল তাঁর খুব পছন্দ। বই তেমনটা পড়া হয় না। অবসর পেলে ধর্মীয় বই পড়েন। বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলেন। স্ত্রী বর্ষা (চিত্রনায়িকা) তাঁর জন্য খাবার প্রস্তুত করেন। বাইরে বের হওয়ার আগে বর্ষা তাঁর রান্না করা খাবার সঙ্গে দিয়ে দেন।

কনার শখ

কনা
কনা

সবচেয়ে আকর্ষণীয় নাচ কোনটি, এমন প্রশ্ন সংগীতশিল্পী কনাকে আপনি করতেই পারেন। কারণ তাঁর কাছে আছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ‘লাইভ’ কিছু নাচের সংগ্রহ। কনা বললেন, ‘কনসার্টে আমার গানের সঙ্গে যখন দর্শক নাচেন, তখন নিজের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করে। এ নাচগুলো কোনো নিয়মে বাঁধা যায় না। সুযোগ বুঝে নাচগুলো ক্যামেরাবন্দী করে নিই।’ এই সংগ্রহ এখন বড় হয়েছে। তা শুধু নিজের জন্যই করছেন কনা। অবসরে এগুলো দেখেন। বললেন, ‘এগুলো আমার গানের প্রতি ভালো লাগা আর ভালোবাসা থেকেই তাঁরা করেন। ভিডিওগুলো যখন দেখি, তখন তা স্পষ্ট বোঝা যায়।’

পরিচালক উধাও

প্রসূন আজাদ
প্রসূন আজাদ

পরিচালক জায়েদ রেজওয়ান বললেন, ‘অ্যাকশন!’ নায়ক আরিফিন শুভ আর নায়িকা প্রসূন আজাদ নাচতে শুরু করেন। নাচ চলছে। কিন্তু কী ব্যাপার, পরিচালক ‘কাট’ বলছেন না কেন? একি, পরিচালক কোথায়? পরিচালককে কাছে কোথাও দেখা যাচ্ছে না। এমনটাই জানালেন প্রসূন আজাদ। আর তা ঘটেছে অস্ট্রেলিয়ার এক সমুদ্রসৈকতে, মৃত্যুপুরী ছবির শুটিংয়ে। তখন শুভ আর প্রসূন ছিলেন পানিতে। প্রসূন বলেন, ‘শুটিংয়ের সময় স্থানীয় কিছু ছেলেমেয়ে তাদের পোষা কুকুর নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে আসে। জায়েদ রেজওয়ানের আবার কুকুর-ভীতি। তিনি কুকুর দেখেই দূরে চলে যান। এদিকে আমাদের নাচ চলছে। পরে বুঝতে পেরে সবার সে কী হাসি।’

গাড়িচালক মাহি

মাহি
মাহি

মাহি যে ভালো অভিনয় করেন, এটা অনেকেই একবাক্যে মেনে নেবেন। কিন্তু মাহির আরও একটি গুণ আছে, তিনি একজন দক্ষ গাড়িচালক। আর তাঁর দক্ষতার প্রমাণ মিলল ৬ ডিসেম্বর রাতে। তখন কক্সবাজার থেকে ফিরেছেন তিনি। সারা রাত তিনি নিজেই গাড়ি চালিয়েছেন। পথে কোনো সমস্যা হয়নি। মাহির সঙ্গে যখন কথা হয়, তখন তিনি গাড়িতে। বললেন, ‘আমি এখন গাড়িতে, সারা রাত গাড়ি চালাব। গাড়ি চালাতে মন্দ লাগে না।’