এক নজরে

বন্ধুদের সঙ্গে
‘এবার থার্টি ফার্স্ট নাইটে বেশ চাপের মুখে আছি। কোনো অনুষ্ঠান নিয়ে নয়, আমার এক বড় ভাইয়ের বিয়ে। সেখানে যাব। কিছুটা সময় সেখানে থাকব। এরপর জাগো ফাউন্ডেশন যাওয়ার পরিকল্পনা আছে। সেখানে সবার সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করব।’ বললেন নাবিলা। গত বছরও তিনি থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করেছেন বন্ধুদের সঙ্গে। তিনি বলেন, ‘অসাধারণ কিছু মুহূর্ত ছিল তখন। এবারও এর ব্যতিক্রম হবে না।’

বই আর পড়াশোনা
‘থার্টি ফার্স্ট নাইট! এটা আবার কী? না, থার্টি ফার্স্ট নাইট নিয়ে আমার কোনো ভাবনা নেই। কারণ সামনেই আমার পরীক্ষা। জানুয়ারিতে এ-লেভেল দিচ্ছি। তাই পড়াশোনার খুব চাপ। এ সময় থার্টি ফার্স্ট নাইটের কথা মনে করে দুঃখ বাড়াতে চাই না।’ বললেন শাহতাজ। রাতটি এবার সেভাবে আর উদ্যাপন করতে পারবেন না, তাই মনে একটু কষ্ট জমেছে। তিনি জানান, এবার থার্টি ফার্স্ট নাইটে তিনি ব্যস্ত থাকবেন পড়াশোনা নিয়ে। বাসা থেকেও কড়া নির্দেশ আছে। তিনি বলেন, ‘এবার থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন হবে বইয়ের সঙ্গে।’

উৎসব চলছে
‘আমার থার্টি ফার্স্ট নাইট উৎসব তো শুরু হয়ে গেছে। সপ্তাহব্যাপী চলছে এ আয়োজন। বাসাজুড়ে নানা রকম আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে উদ্যাপন কমিটির সদস্যরা। আর এরা হলো আমার ভাগনে-ভাগনি। দেশের বাইরে থেকে আমার বোন আর দুলাভাই এসেছেন। সঙ্গে তাঁদের সন্তানেরাও।’ বললেন পুতুল। তিনি আরও জানান, এবার থার্টি ফার্স্ট নাইটে বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। বাড়ির সবার সঙ্গে আড্ডা আর কেকে কেটে এই উৎসবের সমাপ্তি টানা হবে।