এক নজরে
ভিডিওগ্রাফার অর্ণব

অর্ণব এখন যেখানেই যান, ভিডিওর মাধ্যমে সবকিছু ধরে রাখেন। কাজটি তিনি করছেন বেশ আগ্রহ নিয়ে। আর তা করছেন নিজের আইপ্যাডে। কারণটাও যৌক্তিক। অর্ণব নির্মাণ করবেন তাঁর প্রথম চলচ্চিত্র। এর প্রস্তুতি হিসেবে সঙ্গে থাকা নিজের আইপ্যাডটিতে ভিডিও করেন। মনের মতো ভিডিওগুলো সংগ্রহে রাখেন।
জানালেন, নিজের প্রথম চলচ্চিত্রের জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছেন। এখন ছবির পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। এরপর শিল্পী নির্বাচন করবেন।
লম্ফঝম্প অতঃপর অভিনয়

বিশ্ববিদ্যালয়জীবনে আড্ডাবাজ হিসেবে খ্যাতি ছিল সজলের। ওই সময় একদিন তুমুল আড্ডা আর লম্ফঝম্প দিয়ে মাতিয়ে রাখছিলেন চারপাশ। এমন ‘শৈল্পিক’ কাণ্ড মনে ধরে যায় বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্তাব্যক্তির। ব্যস, সঙ্গে সঙ্গে প্রস্তাব, ‘অভিনয় করবে?’ ঠিক এভাবে প্রথম কাজটি করেছিলেন এই অভিনয়শিল্পী। আর তা ছিল কোকাকোলার একটি বিজ্ঞাপন। আর বিজ্ঞাপনটি পরিচালনা করেন অভিনেতা আফজাল হোসেন।
আলম বিশ্বাস