এক নজরে

মাধুরীর ছবিকে আনুশেহর ‘না’!
মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা অভিনীত গুলাব গ্যাং ছবিতে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আনুশেহ আনাদিলকে। কিন্তু গান গাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আনুশেহ। এমনটাই জানালেন তিনি। ভারতের পত্রিকা মিড ডেতে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই বললেন তিনি।
এরপর কথা হয় আনুশেহর সঙ্গে। তিনি বলেন, ‘সব প্রস্তাব ফিরিয়ে দিই, তা কিন্তু নয়। গুলাব গ্যাং ছবিতে কাজ করতে পারিনি, তা নিয়ে কোনো আক্ষেপ নেই। কারণ ছবির ট্র্যাকগুলো শুনে অনেক বেশি গ্ল্যামারস মনে হয়েছিল। এ ধরনের গান আমার সঙ্গে যায় না।’

৫৪টি চড়!
আপনার দায়িত্ব হলো কষে চড় মারা! একের পর এক চড় মারতে হবে। কিন্তু নিজেকে একটিও হজম করতে হবে না! তা হলে কেমন হবে? এমন প্রশ্ন করা হয়েছিল অভিনয়শিল্পী সাবিলা নূরকে। ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি টিভিতে দেখানো হলো শত ডানার প্রজাপতি নাটকটি। এ নাটকেই নাকি এমনটি করতে হয়েছে সাবিলাকে।
সাবিলা জানান, শত ডানার প্রজাপতি নাটকের শুটিংয়ে কাজটি ঠিকমতো হয়নি! তাই অতিরিক্ত কিছু চড় দিতে হয়েছে জোভানকে! সব মিলিয়ে ৫৪টি চড় দিতে হয়েছিল!
সাবিলা বলেন, ‘আমাকে দেখে হালকা-পাতলা মনে হলেও চড়গুলো কিন্তু বেশ ভারী ছিল! আমি চড় মারলে সেগুলো কেন জানি বেশ জোরে লাগে!’